
অভিষেক বন্দ্যোপাধ্যায় - ফাইল চিত্র
শেষ আপডেট: 4 May 2024 18:32
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির স্টিং ভিডিও নিয়ে শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিল তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালির মামলা এখন সুপ্রিম কোর্টে রয়েছে। দলগতভাবে তৃণমূল দাবি করবে, রাজ্য সরকার এই ভিডিও ফুটেজ শীর্ষ আদালতে জমা দিক। তার পর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখে কী বলে সেটা আদালতের বিষয়।
সন্দেশখালির ঘটনা নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে হাইকোর্টের মামলা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য সরকার। শনিবার অভিষেককে প্রশ্ন করা হয়, ভাইরাল স্টিং ভিডিও ফুটেজ যাতে রাজ্য পুলিশ বা সিআইডি তদন্ত করে দেখে, সে ব্যাপারে কি দাবি জানাবে তৃণমূল? জবাবে অভিষেক বলেন, বিষয়টি বিচারাধীন। তাই তৃণমূল রাজ্যকে জানাবে যাতে বিষয়টি বিচার ব্যবস্থার নজরে আনা হয়।
সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি স্টিং ভিডিও ফুটেজ শনিবার ভাইরাল হয়েছে। সেই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবে তৃণমূল ওই ভিডিওকে অস্ত্র করে বিজেপিকে তুলোধনা করতে শুরু করে দিয়েছে। কারণ, ওই ভাইরাল ভিডিওতে সন্দেশখালির বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, মহিলাদের ধর্ষণের ঘটনা পুরোটাই সাজানো। এমনকি এও বলতে শোনা গিয়েছে যে ২ হাজার টাকার বিনিময়ে মহিলাদের মিথ্যা অভিযোগ জানানোর ব্যাপারে রাজি করানো হয়েছে। শুধু তাই নয়, গঙ্গাধর কয়ালকে এও বলতে শোনা গিয়েছে যে এই সব করাতে শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছে।
অভিষেক বলেন, একজন লোক বলছে টাকা দিয়ে অস্ত্র ঢোকানো হয়েছে। টাকা দিয়ে মিথ্যে অভিযোগ সাজানো হয়েছে। এটাই যদি কোনও তৃণমূলের নেতা বলতেন, তাহলে তো এতক্ষণে সিবিআই তাঁকে তুলে নিয়ে এসে জেরা করা শুরু করে দিত। তাহলে এখন করছে না কেন?