
শেষ আপডেট: 21 December 2023 19:35
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: চুরির পদ্ধতি নতুন। হাতির হামলার সাবধান বার্তাকে হাতিয়ার করেই শালগাছ কেটে লোপাট করছে গাছ চোরের দল। সেই চোর ধরতেই এবার স্নিফার ডগ আর পুলিশকে নিয়ে এলাকায় তল্লাশি শুরু করল বনদফতর। ঝাড়গ্রাম জেলার শোভা শালের জঙ্গল। কিন্তু দিনের পর দিন এই শাল জঙ্গলই লোপাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। জঙ্গলমহল তার সৌন্দর্য হারাতে চলেছে।
বর্তমানে হাতির হামলা বেড়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। যে এলাকায় হাতি থাকে সেখানে বনদফতর এবং বনরক্ষা কমিটি যৌথভাবে হোয়াটসঅ্যাপ মারফত হাতির গতিবিধি জানান দেয়। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইরে থাকতে নিষেধ করা হয়। গাছচোররা এই সুযোগটাই নিচ্ছে বলে অভিযোগ। কারণ হাতির হামলার ভয়ে বনরক্ষা কমিটি রাতে পাহারায় থাকে না। সেই সুযোগে রাতারাতি জঙ্গলের মোটা গাছ কেটে পিক-আপ ভ্যানে পাচার করে দিচ্ছে কাঠ চোররা। এরকম একাধিক অভিযোগ জমা পড়ে বন দফতরে।
এতদিন বিষয়চিকে ততটা গুরুত্ব না দিলেও এবার নড়েচড়ে বসেছে বন দফতর। বুধবার রাতে এমন সাবধান বার্তায় ঝাড়গ্রাম ব্লকের জোয়ালভাঙা, হদহদি, টিয়াকাটির বনসুরক্ষা কমিটির লোকেরা পাহারায় বের হতে পারেননি। কিন্তু গাছ চুরি হতে পারে এমন খবর এলে বনদফতর রাতে জঙ্গলে টহল শুরু করে। কর্মীরা দেখতে পান প্রায় ৩০টির কাছাকাছি গাছ কেটে ৭ ফুটের টুকরো করে পাচারের আয়োজন চলছে। সঙ্গে সঙ্গে বনকর্মীরা তাড়া করলে জঙ্গলে গা ঢাকা দেয় চোরের দল। উদ্ধার হয় গাছ কাটার যন্ত্রপাতি এবং কাটা গাছগুলি।
বৃহস্পতিবার সকাল জেলা সিআরপিএফ এর সহায়তায় স্নিফারডগ আনা হয়। শুরু হয় গ্রামে গ্রামে সিআরপিএফ, বনদফতর, এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি। রেঞ্জ অফিসার চুরির কথা স্বীকার করে জানান, তারা নজরদারি বাড়াবেন।