দ্য ওয়াল ব্যুরো : একশ্রেণির সংবাদ মাধ্যমে (Media) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে 'আপত্তিকর আলোচনা' হয়। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কংগ্রেসের এক নেতা বলেছেন, মুসলিম লিগের নেতা মহম্মদ আলি জিন্নার মতো বল্লভভাই প্যাটেলও চেয়েছিলেন জম্মু-কাশ্মীর ভারতের বাইরে থাকুক। সম্বিত পাত্রের কথায়, "একশ্রেণির সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তারিক হামিদ কাররা নামে এক নেতা বল্লভভাই প্যাটেল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।"
বিজেপির মুখপাত্র বলেন, "তারিক বলেছেন, সর্দার প্যাটেল নাকি চেয়েছিলেন, জম্মু-কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে যাক। কিন্তু জওহরলাল নেহরু চাইতেন, কাশ্মীর ভারতেই থাকুক।" সম্বিত পাত্রের প্রশ্ন, "যেভাবে সর্দার প্যাটেল সম্পর্কে ওয়ার্কিং কমিটির বৈঠকে মন্তব্য করা হয়েছে, সোনিয়া গান্ধী কি এসম্পর্কে কিছু বলবেন?" বিজেপি মুখপাত্রের বক্তব্য, কংগ্রেস নেতারা সকলেই গান্ধী পরিবারের অনুগত। তাই সর্দার প্যাটেল সম্পর্কে ওই ধরনের মন্তব্য করা হয়েছে।
সম্বিত পাত্র প্রশ্ন তোলেন, "কাররা ওই মন্তব্য করার পরে তাঁকে কি তিরস্কার করা হয়েছে? তাঁকে কি কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে?" গান্ধী পরিবারের সমালোচনা করে তিনি বলেন, "কংগ্রেস ওয়ার্কিং কমিটি যা করেছে, তা পাপ। এটা কেমন মানসিকতা? কংগ্রেস মনে করে কেবল একটি পরিবারই দেশের ভালর জন্য কাজ করেছে।"
গত শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। সেখানে সর্দার প্যাটেল সম্পর্কে 'আপত্তিকর আলোচনা'-র অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে বলেন, "মিথ্যা প্রচার করছে বিজেপি। মোদী সরকারের নির্দেশেই একশ্রেণির মিডিয়া এই ধরনের প্রচার চালাচ্ছে। তারা কখনই সরকারকে প্রশ্ন করে না। বিরোধীদের সম্পর্কে অপপ্রচার করে। এই হল এখনকার সাংবাদিকতা।"
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী কাররা বলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, "আমি জানি না কারা আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করতে চায়। আমি একটি নামী সংবাদপত্রে দেখেছি, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ব্যাপারটা খুবই সিরিয়াস।"
পরে কাররা মন্তব্য করেন, তিনি বলেছিলেন, পণ্ডিত নেহরু চাইতেন, কাশ্মীর ভারতের অঙ্গীভূত হোক। পাকিস্তানের মতো ভারতও ধর্মীয় রাষ্ট্র হয়ে উঠুক, তিনি চাইতেন না। তখন সর্দার প্যাটেল বলেছিলেন, কাশ্মীর যদি পাকিস্তানে যায়, তাহলেও জুনাগড় ও হায়দরাবাদ নিয়ে আমরা দর কষাকষি করব। নেহরু তখন প্যাটেলের সঙ্গে ভিন্নমত পোষণ করতেন।