
শেষ আপডেট: 24 June 2023 16:21
দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রী হয়তো জীবনের সেরা ফর্ম দিয়ে যাচ্ছেন। আবার ঝলসে উঠলেন ম্যাচে। সুনীলের করা প্রথম গোলে এগিয়ে গিয়েছিল ভারত। শেষমেশ শনিবার বেঙ্গালুরুতে সাফ ফুটবলের শেষ চারে স্থান করে নিল জাতীয় দল। তারা নেপালকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের দ্বিতীয় গোল মহেশ সিংয়ের।
সাফের উদ্বোধনী ম্যাচে ভারতীয় দল চিরপ্রতিপক্ষ পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল। সেইসময় বোঝা যায় সুনীল, সন্দেশ, প্রীতমরা ছন্দে রয়েছেন। সেটাই আরও একবার প্রমাণ হল এদিন। খেলার প্রথম অর্ধে নেপাল ভাল খেললেও ম্যাচের বয়স যত বাড়তে থাকে, সেইসময় খেলার দাপট নেয় ভারত।
গত ম্যাচে ভারতীয় দলের বিদেশি কোচ ইগর স্টিম্যাশ লাল কার্ড দেখায় তিনি এই ম্যাচে ডাগআউটে ছিলেন না। কিন্তু তাতে দলের কৌশলগত কোনও সমস্যা হয়নি। দলের আসল নেতার মতো সুনীল দলকে পরিচালনা করেছেন নিপুনভাবে।
ম্যাচের প্রথম গোল আসে ভারত অধিনায়কের পা থেকে। মহেশ বাঁ দিক থেকে দৌড়ে বল নিয়ে নেপালের বক্সের বাইরে পৌঁছে যান। সুনীল সেখানে আন মার্ক ছিলেন এবং ভারতীয় জার্সিতে নিজের কেরিয়ারের ৯১ তম গোলটি করলেন ছেত্রী। ম্যাচের ৬১ মিনিটে আসে খেলার প্রথম গোল।
দ্বিতীয় গোলটি মহেশ সিং করেন নয় মিনিটের ব্যবধানে। ৭০ মিনিটে সুনীলের শট বারে লেগে ফিরে এলে কাছে দাঁড়ানো মহেশ আসল কাজ সারেন।
বিরতিতে খেলার ফল শূন্য গোলশূন্য। সেই অবস্থা থেকে দ্বিতীয়ার্ধে দুটি বদল আনেন সহকারী কোচ মহেশ গাউলি। তারপরেই খেলায় ফেরেন সুনীলরা। এরমধ্যে দুই দল বিবাদে জড়িয়ে গেলেও রেফারি কড়া হাতে সেটি দমন করেন। কুয়েতের বিরুদ্ধে বুধবার ভারতীয় দলের শেষ গ্রুপ ম্যাচ। ওই ম্যাচে জিতলে গ্রুপ শীর্ষ থেকে সুনীলরা শেষ করবেন। তারপর তো আসল লড়াই বাকি।