দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারের (International market) সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ল শেয়ার সূচক। চলতি সপ্তাহে আমেরিকার ফেডারেল রিজার্ভের বৈঠকে স্থির হয়েছে, সুদের হার কম রাখা হবে। তার পরেই এদিন বিশ্ব জুড়ে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। সেনসেক্স একসময় ১০৩০ পয়েন্ট উঠে ৫৯৯৫৭.২৫-এর ঘরে পৌঁছায়। এছাড়া ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা সংস্থা ও তেল ও গ্যাস কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির ওপরে ভর করে নিফটি পৌঁছায় ১৭৮০০-র ঘরে। এর আগে কখনও ওই সূচক এতদূর ওঠেনি।
সেনসেক্স পরে ৫৯৮৮৫.৩৬-এর ঘরে স্থির হয়। সেনসেক্সে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে এদিন যেগুলি সবচেয়ে বেশি লাভবান হয়েছে, তাদের মধ্যে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং লার্সেন অ্যান্ড টুব্রো।
এদিন নিফটির রিয়েলিটি ইনডেক্স বেড়েছে প্রায় নয় শতাংশ। এছাড়া নিফটি ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস, মেটাল, তথ্যপ্রযুক্তি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ভোগ্যপণ্য এবং তেল ও গ্যাস কোম্পানির শেয়ারের দাম বেড়েছে দেড় থেকে আড়াই শতাংশ।
নিফটিতে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে সবচেয়ে লাভবান হয়েছে বাজাজ ফিনসার্ভ। তার শেয়ারের দাম বেড়েছে ৪.৬৩ শতাংশ। এছাড়া হিন্ডালকো, লার্সেন অ্যান্ড টুব্রো, টাটা মোটর্স, কোল ইন্ডিয়া, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, ওএনজিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ২.৪ থেকে ৪.৫ শতাংশ।
অন্যদিকে এইচডিএফসি লাইফ, ডক্টর রেড্ডিস ল্যাব, জেএসডব্লু স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টস, আইটিসি, নেসলে ইন্ডিয়া এবং ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কমেছে।