
শেষ আপডেট: 1 February 2020 08:40
এর অর্থ কোনও আমানতকারীর যত টাকাই জমা থাকুক, ব্যাঙ্ক দেউলিয়া হলে তিনি পাবেন পাঁচ লক্ষ টাকা। ব্যাঙ্ক ডিপোজিট ইনসিওরেন্সের সীমা এর আগে বাড়ানো হয়েছিল ১৯৯৩ সালে। তার আগে ব্যাঙ্ক বন্ধ হলে আমানতকারীরা পেতেন ৩০ হাজার টাকা।
গত সেপ্টেম্বরে মুম্বইয়ের পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র ব্যাঙ্কের কাজকর্মে গুরুতর অনিয়ম খুঁজে পায় রিজার্ভ ব্যাঙ্ক। অভিযোগ, ওই ব্যাঙ্ক অনাদায়ী ঋণের পরিমাণ কমিয়ে দেখিয়েছিল। তার পরে আমানতকারীরা ব্যাঙ্ক থেকে আর টাকা তুলতে পারেননি। তাতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক। সেই সংকটের কথা মাথায় রেখেই নির্মলা এদিন ব্যাঙ্ক ডিপোজিট স্কিম পাঁচগুণ বাড়িয়েছেন।
এর আগে সরকার লোকসভায় ফিনান্সিয়াল রেজলিউসন ও ডিপোজিট বিল এনেছিল। তাতে বলা হয়েছিল, কোনও ব্যাঙ্ক ফেল করলে আমানতকারীদের অর্থে তাকে উদ্ধারের চেষ্টা হবে। ওই বিল নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। আমানতকারীদের ধারণা হয়, তাঁদের ব্যাঙ্কে গচ্ছিত অর্থ নিরাপদে নাও থাকতে পারে। পরে সরকার বিতর্কিত বিলটি ফিরিয়ে নেয়।
এর ফলে ব্যাঙ্কে সেভিংস, ফিক্সড, কারেন্ট ও রেকারিং, সব রকমের অ্যাকাউন্টে জমা অর্থ ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের বিমার আওতায় এসেছে। সেই বিমার পরিমাণ হল পাঁচ লক্ষ টাকা।