দ্য ওয়াল ব্যুরো : প্রজাতন্ত্র দিবসের দুপুরে কৃষকদের ট্র্যাক্টর মিছিলের একটি অংশ আচমকাই ঢুকে পড়ে লালকেল্লায়। সেখানে তারা নিজেদের পতাকা লাগিয়ে দেয়। তাঁদের নেতৃত্বে ছিলেন পাঞ্জাবের অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধু। ওই ঘটনা নিয়ে হইচই শুরু হতে তিনি গা ঢাকা দেন। বুধবার দিল্লি পুলিশ ওই অভিনেতার সন্ধান পাওয়ার জন্য পুরস্কার ঘোষণা করল।
পুলিশ এদিন জানিয়েছে, যদি কেউ এমন খবর দিতে পারে যার ফলে দীপ সিধুকে গ্রেফতার করা যাবে, তাহলে তাকে দেওয়া হবে ১ লক্ষ টাকা। লালকেল্লা কাণ্ডে অপর অভিযুক্ত জগবীর সিং, বুটা সিং, সুখদেব সিং ও ইকবাল সিং-এর খোঁজ দিতে পারলে মিলবে ৫০ হাজার টাকা।
প্রজাতন্ত্র দিবসের হিংসায় জড়িত ১২ জনের ফটোগ্রাফ প্রকাশ করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ। হিংসার নানা ভিডিও ক্লিপ খতিয়ে দেখে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, ওই ১২ জন হিংসায় উস্কানি দিয়েছিল। ভিডিও ছবিতে তাদের লাঠি ও রড নিয়ে মারপিট করতে দেখা গিয়েছে।
২৬ জানুয়ারির ঘটনায় মোট ৪৪ টি মামলা করেছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার করেছে ১২২ জনকে। কয়েকজন কৃষক নেতার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দিল্লির আইটিও অঞ্চলে এক কৃষকের মৃত্যু নিয়ে ভুল খবর দেওয়ার জন্য কংগ্রেসের সাংসদ শশী তারুর ও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
এর মধ্যে গত ১ ফেব্রুয়ারি কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, আগামী শনিবার দেশ জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হবে। ওইদিন দুপুর ১২ টা থেকে তিনটে পর্যন্ত হাইওয়ে দিয়ে কোনও যানবাহন চলতে দেওয়া হবে না।
কৃষকরা যে জায়গাগুলিতে অবস্থান করছেন, সেখানে পুলিশ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। জল ও বিদ্যুতের সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদেই সোমবার সন্ধ্যায় কৃষকরা চাক্কা জ্যাম-এর কর্মসূচি ঘোষণা করেন। সোমবার পেশ হওয়া বাজেট নিয়েও কৃষকরা অসন্তুষ্ট হয়েছেন। তাঁদের বক্তব্য, বাজেটে কৃষির উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি।
চলতি বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে এদিন লালকেল্লায় সংঘর্ষের ঘটনা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় তেরঙার যে অবমাননা করা হয়েছে তাতে আমি দুঃখিত। এই ঘটনা কোনও মতেই মেনে নেওয়া যায় না।” এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, “আইন আইনের পথে চলবে।”
প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লায় কৃষকদের ঢুকে পড়া ও সংঘর্ষের ঘটনায় কেল্লার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মেরামতির জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত কেল্লা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।