দ্য ওয়াল ব্যুরো: আচমকা বিদ্যুৎ বিপর্যয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার বেলা তিনটে ৩৫ মিনিট নাগাদ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মেডিক্যাল কলেজের একাধিক বিল্ডিংয়ে।
গ্রিন বিল্ডিং ছাড়াও ইডেন বিল্ডিং-সহ আরও একাধিক বিভাগে আলো নিভে গিয়েছে। কী কারণে এই বিভ্রাট তা স্পষ্ট হয়নি। ইডেন বিল্ডিংয়ের পিছনে রাখা জেনারেটর চালুর চেষ্টা করা হলেও তা চালু করা যায়নি।
তবে দেড় ঘণ্টা পর বিকেল সওয়া পাঁচটা নাগাদ বিদ্যুৎসংযোগ ফেরে মেডিক্যাল কলেজে। হাঁফ ছেড়ে বাঁচে হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রিন বিল্ডিংয়ের গোটাটা জুড়েই করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। সেখানেও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আইসিইউ, ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীদের নিয়ে চিন্তা হয়ে গিয়েছিল। যদিও ব্যাক আপ থাকার কারণে এসব জায়গায় সংকট তৈরি হয়নি।
মেডিক্যাতৈরি ল কলেজকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করার পর থেকেই একের পর এক অব্যবস্থার ছবি সামনে এসেছিল। কখনও ভর্তি থাকা করোনা রোগী উধাও হয়ে গিয়েছেন তো কখনও মৃতদেহ মর্গে রাখতে যাওয়ার লোক পাওয়া যায়নি। মৃতের ভাইকে ডেকে এনে পিপিই পরিয়ে বলা হয়েছে মর্গে গিয়ে দেহ রেখে আসতে। মেডিক্যাল কলেজের মর্গে মৃতদেহের স্তূপ হয়ে গিয়েছিল এক সময়। যদিও সে সব কাটিয়ে আস্তে আস্তে ছন্দে ফিরছিল শতাব্দীপ্রাচীন হাসপাতালটি। দিন দশেক আগেই এক দিনে ১০০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু তার মধ্যেই বিদ্যুৎ বিপর্যয় মেডিক্যালের পরিকাঠামো নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল মত অনেকের।