ওড়িশা থেকে আসা বিপুল পরিমাণ অবৈধ বাজি উদ্ধার করল এগরা থানার পুলিশ।

ফাইল চিত্র ।
শেষ আপডেট: 9 October 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কালীপুজোর ( Kali Puja 2025) আগে অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকার বাজি আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা থেকে আসা বিপুল পরিমাণ অবৈধ বাজি উদ্ধার করল এগরা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এগরা ২ নম্বর ব্লকের বেতাই এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি ইঞ্জিন ভ্যানে করে ওড়িশা থেকে বাজি নিয়ে আসার সময় প্রায় ৭ লক্ষ টাকার অবৈধ বাজি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এগরা থানার আইসি অরুণকুমার খাঁ। তাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী রাত প্রায় ৮টা নাগাদ বেতাইতে ওত পেতে বসেছিলেন। বাজি ভর্তি ইঞ্জিন ভ্যানটি আসতেই আটক করা হয়।
বেআইনি বাজি ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে ওই ইঞ্জিন ভ্যানে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি এগরা ২ ব্লকের উত্তর তাজপুর এলাকায় বলে জানা গেছে। দুই অভিযুক্তকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয় বলে জানিয়েছেন এগরা থানার আইসি অরুণকুমার খাঁ। খাদিকুল বিস্ফোরণের পর থেকে এগরা থানার পুলিশ অবৈধ বাজি ব্যবসার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযান সেই ধারাবাহিকতারই অংশ। ২০২৩ সালের ১৬ মে খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতে কারখানার মালিক ভানু বাগ-সহ ১১ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় ভানু বাগের ছেলে পৃথিজিৎ বাগ, ভাইপো ইন্দ্রজিৎ বাগ এবং প্রসেনজিৎ বাগকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তারা সকলেই জামিনে মুক্ত।