
শেষ আপডেট: 5 July 2022 17:16
দ্য ওয়াল ব্যুরো: সারদা মন্তব্য নিয়ে আরও বিপাকে পড়লেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা সারদার তুলনা করায় এবার তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে (High Court)। যদিও নিজের বক্তব্যে এখনও অনড় রয়েছেন তিনি। এমনকি এই মামলা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত দেখায়নি তাঁকে।
মিথ্যা তথ্য পরিবেশন করে ইতিহাস বিকৃত করেছেন উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজি (Nirmal Maji)। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (High Court) সুমনা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তবে শুধুই আইনানুগ ব্যবস্থা নয়, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তৃণমূল বিধায়ককে, আদালতের কাছে এই মর্মেই আর্জি জানিয়েছেন সেই মামলাকারী। সূত্রের খবর, আগামী সপ্তাহে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।
দিদিই মা সারদা, সংখ্যাতত্ত্ব তাই বলছে, দাবি নির্মল মাজির
সম্প্রতি এক সভায় নির্মল মাজি (Nirmal Maji) বলেন, “মা সারদা দেহত্যাগের আগে বিবেকানন্দের সতীর্থদের কাছে বলেছিলেন, আমি মৃত্যুর পর কালীঘাটে জন্ম নেব। সামাজিক কাজকর্মের পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িয়ে যাব। পরিসংখ্যান মিলিয়ে দেখা গেছে, সারদা মায়ের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম সেই অঙ্কটাই মিলিয়ে দিচ্ছে। তিনিই মা সারদা...”
নির্মলের এই বক্তব্যে তীব্র ক্ষোভপ্রকাশ করে রামকৃষ্ণ মিশনও। কিন্তু এতকিছুর পরেও টনক নড়েনি এই তৃণমূল বিধায়কের। মামলাকারীর আইনজীবী এদিন জানান, মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে নির্মল মাজি ইতিহাস এবং তথ্য বিকৃত করেছেন। রামকৃষ্ণ মিশনও বিবৃতি দিয়ে ওই মন্তব্যের সমালোচনা করেছে। কিন্তু তারপরও নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেননি নির্মল। এবার সেই ঘটনারই জল গড়াল আদালত অবধি।