
শেষ আপডেট: 21 February 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল একজোড়া বুনো হাতি। আর এই নিয়েই মঙ্গলবার দিনভর ভারত ও বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে হইচই চলে। অবশেষে বন দফতরের চেষ্টায় দেশে ফেরানো গেল তাদের।
সোমবার ভোরে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল দুটি হাতি। রাজগঞ্জ শিল্প তালুক এলাকায় তাণ্ডব চালিয়ে সীমানা প্রাচীর ভেঙে দেয় তারা। চাষের জমি তছনছ করে আশ্রয় নেয় রাজগঞ্জের তুঁতবাগানে। সেখানেই দিনভর লুকিয়ে ছিল তারা। প্রাণভয়ে কাঁটা হয়েছিলেন বাসিন্দারা। পাহারা দিচ্ছিলেন পুলিশ ও বনকর্মীরা। রাত নামলে হাতি দু'টিকে তাড়া করে বৈকুণ্ঠপুর জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু হাতি দুটি দিক ভুল করে চলে যায় রাজগঞ্জের হুদুগছ সীমান্তের দিকে। এবং সেখানেই থেকে যায়।
মঙ্গলবার সকালে হাতি দুটি হুদু গছ এলাকায় আলু চাষের জমি থেকে আলু খায়। ফসলের ক্ষতি করে। তারপর একেবারে সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তাতেই সমস্যা বাড়ে আরও। হাতি দুটিকে ভারতে ফেরানোর জন্য জোরদার চেষ্টা শুরু করেন বনবিভাগের কর্মীরা। বাংলাদেশ সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় হাতি দু'টি বাংলাদেশের পঞ্চগড় এলাকায় ঢোকে। রাতে সেখান থেকেই তাড়িয়ে দেশে ফেরানো হয় তাদের। নিশ্চিন্ত হন বন দফতরের কর্মী-আধিকারিকরা।