দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার রাতে লুধিয়ানার ঋষি নগর এলাকায় বাড়ির বাইরে উঠোনে ঘুমোচ্ছিল চার বছরের শিশুকন্যা। তার পাশে ছিল মা ও ঠাকুমা। এমন সময় সেখানে ঢোকে এক ব্যক্তি। যতদূর জানা যাচ্ছে, সে স্থানীয় দোকানদার। সিসিটিভি ফুটেজে দেখা যায়, উঠোনে ঢুকে সে ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে গেল। বাড়ির বাইরে দাঁড় করানো ছিল ঠেলাগাড়ি। মেয়েটিকে ঠেলাগাড়িতে চাপিয়ে সে পালাতে চেষ্টা করে।
সে শিশুটিকে নিয়ে পালাতে যাবে, এমন সময় জেগে উঠলেন তার মা ও ঠাকুমা। দু’জনে মিলে তাড়া করলেন শিশুচোরকে। শুরু হল চিৎকার। তাতে লোক জড়ো হয়ে গেল। তখনও শিশুচোর বেশিদূরে পালাতে পারেনি। স্থানীয় মানুষ দৌড়ে গিয়ে তাকে পাকড়াও করল। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
https://twitter.com/ANI/status/1174189656856039429
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বয়স ৪০। সে আগে একবার ওই শিশুর বাড়িতে উঁকি মেরে দেখে গিয়েছিল, সবাই ঘুমিয়েছে কিনা। তারপর ঠেলাগাড়ি নিয়ে এসেছিল শিশুকন্যাকে তার ওপরে চাপিয়ে নিয়ে যাবে বলে। কিন্তু শিশুটির মা ঠিক সময়ে ঘুম ভেঙে উঠে পড়ে। চোর ধরা পড়ে যায়।
কেন সে শিশুটিকে চুরি করতে চেয়েছিল এখনও জানা যায়নি। সিসিটিভির ভিস্যুয়ালের ভিত্তিতে তার বিরুদ্ধে শিশুচুরির অভিযোগ দায়ের করা হয়েছে।