
শেষ আপডেট: 2 March 2023 01:35
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya), নাগাল্যান্ডের (Nagaland) বিধানসভা ভোটের গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। উত্তর-পূর্বের তিন রাজ্য আগামী পাঁচ বছর কাদের হাতে থাকবে, তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। সেইসঙ্গে গণনা শুরু হয়েছে সাগরদিঘি (Sagardighi) বিধানসভার উপনির্বাচনেরও।
ত্রিপুরা
এবারে ত্রিপুরার বিধানসভা ভোট অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। বিজেপির বিজয়রথ ঠেকাতে জোট করে ভোটে লড়েছে বাম-কংগ্রেস। যা কয়েক মাস আগেও ত্রিপুরায় ছিল দূর গ্রহের বস্তু। অন্যদিকে জনজাতি অংশে তিপ্রা মথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মন যে ইউফোরিয়া তৈরি করেছিলেন তা কতটা ভোটবাক্সে প্রতিফলিত হয় সেটাও দেখার। ত্রিপুরায় মোট আসন ৬০টি। ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি জোট জিতেছিল ৪৪টি আসন। সিপিএম জিতেছিল ১৬টি আসনে।
ত্রিপুরায় ফিরছে বিজেপি, দ্বিতীয় স্থান নিয়ে টক্কর বাম-মথার, আভাস সমীক্ষায়
মেঘালয়
মেঘালয়ে বিজেপি ও এনপিপি জোট ভেঙে গিয়েছিল। কিন্তু বাংলার মানুষের জন্য এবার মেঘালয়ের ভোট কৌতূহলের এই কারণে যে তৃণমূল কংগ্রেসের মরিয়া দৌত্য। বছর দেড়েক আগেই মুকুল সাংমার নেতৃত্বে এক ডজন বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু মাঝের এই সময়ে বেশ কয়েকজন বিধায়ক জোড়াফুল ছাড়লেও মেঘ মুলুকে পা জমাতে গুরুত্ব দিয়েই ঝাঁপিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সেখানে গিয়ে বাংলার সরকারি পরিষেবামূলক মডেলকেই তুলে ধরেছিলেন। ফলে বাংলার বাইরে এই রাজ্যটিতে তৃণমূল কতটা ছাপ ফেলতে পারে সেদিকে নজর রয়েছে সকলের। এই রাজ্যেও ৬০টি আসন।
মেঘালয়ে ত্রিশঙ্কুর সম্ভাবনা, কিং মেকার হতে পারে তৃণমূল, আভাস সমীক্ষায়
নাগাল্যান্ড
উত্তর-পূর্বের ছোট্ট এই রাজ্যটিতে গতবার বিজেপি-এনডিপিপি জোট সরকার ছিল। এবারও প্রায় সবক’টি বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে, পরিবর্তনের আভাস নেই নাগাভূমে। নাগাল্যান্ডেও মোট আসন ৬০টি।
সাগরদিঘি
বহুদিন পর রাজ্যে কোনও উপনির্বাচনে এত টানটান উত্তেজনা দেখা গিয়েছিল। মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের কারণে সাগরদিঘিতে উপনির্বাচন হয়। একুশের ভোটে এই কেন্দ্রে কংগ্রেস তৃতীয় স্থানে ছিল। দ্বিতীয় হয়েছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনে লড়াইটা দাঁড়িয়েছিল তৃণমূল বনাম বাম-কংগ্রেস জোটের। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। কংগ্রেসের টিকিটে জোট প্রার্থী হিসেবে লড়েছেন বাইরন বিশ্বাস। বিজেপির প্রার্থী ছিলেন দিলীপ সাহা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যাওয়া, সাগরদিঘির মাটি কামড়ে অধীর চৌধুরীর পড়ে থাকা, শুভেন্দু অধিকারীর প্রচার—সব মিলিয়ে সাগরদিঘির উপনির্বাচনকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এক কংগ্রেস কর্মীর গ্রেফতার, হাইকোর্ট থেকে তাঁর জামিন পাওয়া, ভোটের ৪৮ ঘণ্টা আগে ওসি বদল, কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ অন্য আবহ তৈরি করে দিয়েছিল সেখানে।
রাজনৈতিক মহলের অনেকের মতে, সাগরদিঘির ভোটের ফলাফলে সংখ্যালঘু মনের জল মাপা সম্ভব হবে। নিয়োগ দুর্নীতির এই ভরা কোটালে জনমত কোনদিকে হেলছে বা পঞ্চায়েতে কোন দিকে যেতে পারে উপনির্বাচনের ফল থেকে তারও একটা আবাস মিলতে পারে বলে মত অনেকের। সাগরদিঘি কলেজে শুরু হয়েছে এই কেন্দ্রের গণনা।