দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : বর্ষায় জল বেড়েছে পুকুরের। তাই বুধবার সকাল সকাল মাছ ধরতে যাচ্ছিলেন নন্দনপুরের বাসিন্দা অনুপম বাড়ুই। রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎই দেখেন কেরারপাড়া হল্ট স্টেশনের কাছে লাইনের কয়েকটি প্যানড্রোল ক্লিপ খোলা । অল্প পরেই ওই লাইনে আসার কথা হলদিবাড়ি - এনজেপি প্যাসেঞ্জার ট্রেনের।
এক মুহূর্ত দেরি করেননি অনুপমবাবু। ছুটে বাড়ি গিয়ে নিয়ে আসেন লাল শালু। তারপর তা লাঠিতে বেঁধে ছুটতে শুরু করেন রেললাইন ধরে। দূর থেকেই দেখে সতর্ক হয়ে যান হলদিবাড়ি - এনজেপি প্যাসেঞ্জার ট্রেনের চালক। দাঁড় করিয়ে দেন ট্রেনটিকে। পরে অনুপমবাবুর কাছে বিষয়টি জানতে পেরে অতি ধীর গতিতে ট্রেন চালিয়ে বিপদজনক জায়গা পার করেন। জলপাইগুড়িতে পৌঁছে আধিকারিকদের খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এর পিছনে কোনও নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা।
অনুপমবাবুর তৎপরতায় অল্পের জন্য ট্রেনটি বড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ায় হাঁফ ছেড়েছেন রেল কর্তৃপক্ষ। স্বস্তিতে যাত্রীরাও।