দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, এদিন এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১ নভেম্বর (November) বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে দুপুর একটায়। সেদিন থেকেই বিধানসভার অধিবেশন বসবে।
শিল্পমন্ত্রী জানিয়েছেন, ১৮ নভেম্বর পর্যন্ত বিধানসভার অধিবেশন চালানোর চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত বিল অনুমোদন পায়নি এখনও, তা পাশ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সাধারণত শীতকালীন এই অধিবেশনের বিশেষ কিছু রাজনৈতিক গুরুত্ব থাকে না। কিন্তু এবছর পরিস্থিতি আলাদা। এবছর এই অধিবেশনের পরেই হবে পুরভোট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, চার কেন্দ্রের উপনির্বাচন মিটে গেলে আমরা আমাদের ভোট করিয়ে নেব। সকলেই জানেন, কলকাতাসহ রাজ্যের শতাধিক পৌরসভা ও কর্পোরেশনের ভোট বাকি। তাই পুরভোটের আগে এই শীতকালীন অধিবেশনে সরকারের তরফে নতুন করে সুযোগ-সুবিধা ঘোষণা করা হতে পারে বলে মনে হচ্ছে।
এদিন একাধিক প্রসঙ্গে বিজেপিকে এক হাত নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে চার কেন্দ্রের উপনির্বাচন আসন্ন। আগামী ৩০ অক্টোবর উপনির্বাচনের আগে এখন জোরকদমে তার প্রচার চলছে। গোসাবায় প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তাঁকে ভোট দিয়েছেন। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় নাম না করে বিরধী দলনেতার উদ্দেশে তোপ দেগেছেন। হঠাৎ সনাতন হিন্দু নিয়ে পড়েছেন কেন? আসলে এইসবই করে চলেছেন। বিজেপির বিরুদ্ধে হুংকার দিয়ে এদিন তিনি বলেন, আমরা সব ধর্মেই বিশ্বাসী। আমরা সমাজকে ঐক্যবদ্ধ রাখি। আবারও বলছি, চারটি উপনির্বাচনে বিজেপি খাতা খুলতে পারবে না। একটাও আসন পাবে না। তৃণমূল প্রার্থীরাই বিপুল ভোটে জয়ী হবে।