
শেষ আপডেট: 29 January 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার নিজের জেলায় এক কর্মিসভায় বক্তব্য রাখার সময় রামকে নিয়ে করা তাঁর মন্তব্যে শোরগোল পড়ল।
অযোধ্যায় মহা সমারোহে রামমন্দির উদ্বোধনের রেশ কাটেনি এখনও। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক অযোধ্যায় যাচ্ছেন রামলালা দর্শনে। তবে রাম মন্দির নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে বারবারই পড়তে হচ্ছে বিজেপিকে। এদিন কর্মিসভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে রাম সম্পর্কেও বিরূপ মন্তব্য করলেন উদয়ন গুহ। বললেন, “আমাদের চোখের সামনে একটা ফ্রেম, সেই ফ্রেমে রাম আছে, সীতা আছে, লক্ষ্ণণ আছে। এই প্রথম রাম দেখলাম, যার পাশে সীতা নেই। যার পাশে লক্ষ্ণণ নেই। এ একেবারে সেই রামের দোকানের মতো রাম। যেখানে শুধু আলাদা তাকে রাম আছে। অন্য তাকে হুইস্কি আছে। এরা রামের সর্বনাশ করছে।”
মন্ত্রী জানান, তাঁর মনে পড়ে না তিনি কখনও রামের মূর্তির সামনে প্রণাম করেছেন। পাড়া প্রতিবেশী-আত্মীয় স্বজন কারও বাড়িতে রামের মূর্তি দেখেননি। তিনি বলেন, “আমরা কখনও রামকে দেবতা বলে প্রণাম করিনি। জানতাম তিনি দশরথের পুত্র, পিতৃসত্ত্ব পালনে ১৪ বছরের জন্য বনে গিয়েছিলেন।
রামকে নিয়ে মন্ত্রীর এমন তীর্যক মন্তব্য কানে যেতেই তীব্র প্রতিবাদ জানায় গেরুয়া শিবির। বিজেপির বিধায়ক মিহির গোস্বামী বলেন, “মদের সঙ্গে রামের তুলনা এঁদের দ্বারাই সম্ভব। মানুষের ভাবাবেগের কোনও তোয়াক্কা করে না তৃণমূল। উদয়নবাবুর এই বক্তব্য থেকে স্পষ্ট যে নিজের ধর্ম সংস্কৃতি সম্পর্কে কোনও জ্ঞানই নেই তাঁর। শুধু ক্ষমতার দম্ভ আর নেত্রীর পদলেহনই তাঁর জীবনের উদ্দেশ্য।” কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা সর্বত্র রাধা-কৃষ্ণকে যুগলে দেখি। কিন্তু মদনমোহন মন্দিরে মদনমোহনদেব একা। তাই নিয়ে কি কেউ কখনও এমন তীর্যক মন্তব্য করেছেন! সেখানে গিয়ে তো মাথা কোটেন উদয়নবাবু।”