
শেষ আপডেট: 28 May 2022 11:35
দ্য ওয়াল ব্যুরো: তুফানগঞ্জের (Tufanganj) রসিকবিল মিনি জু পর্যটনকেন্দ্রে নতুন অতিথিদের আগমন। কেউ অবশ্য বাইরে থেকে আসেনি। সবাই রসিকবিলের (Rashik Beel) মধ্যেই জন্মেছে। নতুন অতিথি কারা? একটা নয়, দুটো নয়, এরা আসলে ২২টা ঘড়িয়াল (alligators)। এখানেই শেষ নয়। বন দফতর সূত্রে খবর, আরও বেশ কয়েকটি ডিম ফোটা বাকি রয়েছে। ২২টা নতুন ঘড়িয়াল জন্ম নেওয়ায় পর্যটকদের কাছে রসিকবিলের গুরত্ব বাড়ল বলেই মনে করা হচ্ছে।
কোচবিহার জেলার বন আধিকারিক সঞ্জিত কুমার সাহা বলেন, বাংলার মধ্যে প্রথমবার রসিকবিলেই কৃত্রিম প্রজননের সাহায্যে ঘড়িয়ালের ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব হল। আগে একবার এই কাজে ব্যর্থ হলেও এবার সফল হওয়া গেছে।
হাওড়ার চেয়ার কারখানায় ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা
বন দফতর সূত্রে জানা গিয়েছে, রসিকবিলে এখন ১১টি ঘড়িয়াল আছে। বছর দু’য়েক ধরে এদের ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ নেওয়া হলেও তা বিফলে গিয়েছিল। একাধিক সিসিটিভি নজরদারির মাধ্যমে এবার ঘড়িয়ালের ৬৬টি ডিম সংগ্রহ করে সেগুলি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছিল। এ জন্য কৃত্রিম প্রজনন কেন্দ্র বা নার্সারি তৈরি করা হয়েছে রসিকবিলের ভেতরে। সেখানেই এতদিন ঘড়িয়ালের ডিমগুলিকে ফোটানোর চেষ্টা চলছিল।
উত্তরবঙ্গের আবহাওয়ায় বৃষ্টিপাত বেশি। তাই এর আগে ডিমগুলি পচে যাচ্ছিল। ঘড়িয়ালের প্রকৃত আবাসস্থলে তাপমাত্রা বেশি থাকে। তাই এবার কৃত্রিম উপায়ে বালির বেড বানিয়ে সেই ডিম রাখার ব্যবস্থা করা হয়েছিল। অবশেষে দীর্ঘদিনের প্রচেষ্টার পর ডিম ফুটে নতুন অতিথিদের পেল রসিকবিল।