
শেষ আপডেট: 1 July 2023 11:16
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কংগ্রেস প্রার্থীর প্রচার ঘিরে দফায় দফায় নাটক মেদিনীপুর সদর ব্লকে। শনিবার প্রচারের শুরুতেই এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাঁধে কংগ্রেস কর্মীদের। হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আইনজীবী কৌস্তভ বাগচী। তীব্র উত্তেজনার পরে অবশ্য মধুরেন সমাপয়েৎ। প্রার্থী-সহ কংগ্রেসের নেতা কর্মীদের ডাব খাইয়ে শান্ত করলেন তৃণমূল নেতারা। দিলেন সৌজন্যের বার্তা।
শনিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের হাতি হালকা এলাকায় কংগ্রেস প্রার্থী মুনমুন ঘোষের সমর্থনে প্রচারে আসেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচী। সেই সময় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, প্রদেশ কংগ্রেস মুখপাত্রের বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এগিয়ে আসেন এলাকার তৃণমূল নেতা কর্মীরা। মাইক বন্ধ করার হুঁশিয়ারি দেন। এই ঘটনায় রীতিমতো অগ্নিশর্মা হতে দেখা যায় কৌস্তভ বাগচীকে। তিনি বলতে থাকেন, “রাজ্যের গণতন্ত্রকে হত্যা করতে দেওয়া যাবে না। আমি যা বলার বলব। আপনাদের কিছু বলার থাকলে আপনারাও মাইক নিয়ে বলুন। বলতে বাধা দিয়ে লাভ হবে না।”
তড়িঘড়ি বিক্ষুব্ধ কর্মীদের সরিয়ে নিয়ে যায় এলাকার তৃণমূল নেতারা। এরপরই তৃণমূলের তরফে সৌজন্যের বার্তা দিতে প্রার্থী-সহ উপস্থিত কংগ্রেস নেতা-কর্মীদের হাতে হাতে ডাব তুলে দেন তৃণমূল নেতারা। কংগ্রেস নেতাদের সঙ্গে কোলাকুলি করতেও দেখা যায় তৃণমূল নেতাদের। তাঁরা বলেন, “যে কোনও মূল্যে এলাকায় শান্তি বজায় রাখতে হবে। শান্তি বজায় রাখতেই এমন সৌজন্যের বার্তা।” এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্বও সমস্ত রাগ ঝেড়ে তৃণমূল নেতাদের হাতে হাত মিলিয়ে প্রচার শেষ করেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ আধিকারিকরাও।
সায়নীর ফিল্মি কায়দায় জবাব, ‘আইনজীবী আবার কি, হাম হ্যায় না বস!’