
শেষ আপডেট: 10 February 2023 09:18
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ ডি-তে (Group D Case) বেনিয়মে নিয়োগ হয়েছে। এমন অভিযোগ আগেই উঠেছিল। কলকাতা হাইকোর্টে এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়। তেমনই এক মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। সেই মামলাতেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) নাম যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি।
শুক্রবারে বিচারপতির নির্দেশের পরই আরও বিপাকে পড়ে যান সুবীরেশ। শুধু মামলায় যুক্ত করলেই হবে না, এই ১৯১১ জন অযোগ্য প্রার্থীর চাকরি পাওয়ার ব্যাপারে সুবীরেশের ভূমিকা কী সেটাও তাঁকে জানাতে হবে আদালতে।
এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে আরও কড়া নির্দেশ দেন বিচারপতি। যতদিন পর্যন্ত না, এই মামলা থেকে সুবীরেশ নিষ্পত্তি পাচ্ছেন ততদিন কোনও কাজে তিনি তাঁর মাস্টার ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি পিএইচডি ডিগ্রি ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি। এরফলে নামের আগে 'ডক্টর' ডিগ্রি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ।
বিচারপতি বলেন, পারিবারিক নিরাপত্তার কারণে সুবীরেশ যদি আদালতের কাছে মুখ খোলার ব্যাপারে দ্বিধাগ্রস্থ হন বা যদি কোনও ভয় থাকে তবে সেটাও দেখবে আদালত। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নেয় যে, ১৯১১ জনের গ্রুপ ডি কর্মীর অবৈধ উপায়ে চাকরি পাওয়ার বিষয়টি স্বীকার করে নেয়। তারপরই বিচারপতি এসএসসিকে বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশপত্র বাতিল করতে বলেন। সেই নির্দেশের পরই কমিশন বিজ্ঞপ্তি জারি করে সুপারিশপত্র প্রত্যাহার করে নেয়।
সুবীরেশ ভট্টাচার্যকে নির্দেশ দেন, যাতে দ্রুত তিনি আদালতে জানান কার নির্দেশে তিনি অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র দিয়েছিলেন। কেন এই জালিয়াতি করেছিলেন। সেইসঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে আদালত।
গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিল, ফেরাতে হবে বেতনও! কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের