দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দোকানের ভিতর দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম চন্দন দাস (৩২)। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে কল্যাণী থানার বিধানপল্লিতে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা পৌনে চারটে নাগাদ প্লাইউডের ব্যবসায়ী চন্দন বাড়ি থেকে খাওয়া-দাওয়া সেরে দোকানে এসে বসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় রাস্তায় বিশেষ লোকজন ছিল না। হঠাৎই একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুষ্কৃতী ওই দোকানের সামনে এসে খুব কাছ থেকে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চন্দনের বুকে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরেই মোটরবাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল।
আশেপাশের দোকানদাররা ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান। পরে তারা ছুটে এসে ওই ব্যবসায়ীকে নিয়ে কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে যান। খবর দেওয়া হয় তাঁর দাদাকে। হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ওই ব্যবসায়ী চন্দন দাসের বাড়ি কল্যাণী থানার বিধান পল্লি এলাকাতে। দীর্ঘদিন ধরেই দু’ভাই এখানে বসবাস করতেন। ওই যুবক অবিবাহিত। তাঁদের পরিবারের অন্য সদস্যরা বাংলাদেশে থাকেন। কী কারণে ওই ব্যবসায়ীকে খুন করা হল তা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
চন্দন দাসের দাদা নিতাই দাস বলেন, ‘‘বাড়ির পাশেই এক প্রতিবেশীর সঙ্গে জমি জায়গা নিয়ে বিবাদ চলছিল। সে কারণে ওকে একবার মারধরও করা হয়।’’ কিন্তু ঠিক কী কারণে খুন তিনি নিজেও জানেন না বলে জানান নিতাইবাবু। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।