
শেষ আপডেট: 7 June 2022 11:40
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকতাই করবেন অন্য চাকরি নয়, ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) সামনে দাঁড়িয়ে বলেছিলেন ক্যান্সার আক্রান্ত এসএসসি প্রার্থী সোমা দাস (SSC-Soma Das)। সব শুনে বিচারপতি রাজ্যের কাছে সোমার চাকরি করে দেওয়ার সুপারিশ করেছিলেন। তারপর নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। নবান্নের নির্দেশে শিক্ষিকার চাকরি পেয়েছেন তিনি। সেই খবর এদিন পৌঁছায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কানে। সব শুনে তিনি বলেন, 'সোমা দাসের চাকরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) ধন্যবাদ জানাই।'
উল্লেখ্য, গত ২৩ মে নবান্ন স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল সাতদিনের মধ্যে সোমাকে (SSC-Soma Das) শিক্ষিতার চাকরিতে নিয়োগ করতে হবে। সেই নির্দেশ পাওয়ার পরেই ৩১ মের মধ্যেই সোমার হাতে আসে নিয়োগপত্র। নলহাটির মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাঁর দীর্ঘদিনের লড়াইকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
এই লড়াই সহজ ছিল না। দীর্ঘদিন নিজেদের প্রাপ্য চাকরি পাওয়ার দাবিতে সামনে থেকে আন্দোলন করেছেন সোমা। সেই সময়ই তাঁর শরীরে বাসা বাঁধে ক্যান্সারের মত মারণ রোগ। চিকিৎসার জন্য প্রচুর খরচের প্রয়োজন। এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব শুনে সেদিন বলেছিলেন, তাঁর হয়ে সরকারের কাছে চাকরির সুপারিশ করবেন তিনি। শিক্ষকতা না হলে অন্য দফতরে কোন চাকরির জন্যও বলবেন তিনি।
কিন্তু ক্যানসার আক্রান্ত সোমা এজলাসে দাঁড়িয়েই বলেছিলেন, তাঁর স্বপ্ন শিক্ষকতা করা। তিনি সেটাই করতে চান। অন্য কাজ নয়।
সেই সোমা দাসের চাকরি পাওয়ার খবরে খুশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, "আমি একটা অনুরোধ করেছিলাম। সরকারের শীর্ষস্তরের আধিকারিকদের বিবেচনা করতে বলেছিলাম। আমি জানতে পারলাম সোমা স্কুলে যোগদান করেছে। সেটা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।"
এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এক আদিবাসী ছাত্রের মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব হয়েছিল। সেই ছাত্র এবার মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। যা শুনে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "তাই নাকি? দারুণ। আজ এই খবর শুনে খুব ভাল লাগছে। ছাত্রটির সঙ্গে এজলাসে কথা বলতে চাই। পরবতী শুনানির দিন তাঁকে নিয়ে আসুন।"
মুখ্যমন্ত্রীর সভা চলাকালীনই অসুস্থ ছাত্রী! নিজে হাতে শুশ্রূষা করলেন 'মানবিক' মমতা