দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের ১৬ তারিখ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহেই অফলাইন ক্লাসের প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে। কিন্তু অনেকেই সশরীরে ক্লাসে যেতে ভয় পাচ্ছেন এখনও। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের আপত্তিতে সকলের জন্য ক্যাম্পাস খোলার সময় পিছিয়ে দিল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইইএসটি (Shibpur) (ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর)।
১৬ নভেম্বর থেকে নয়, জানুয়ারি মাস থেকে ক্যাম্পাস পুরোপুরি খোলার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অফলাইন ক্লাস এবং পরীক্ষা সবটাই হবে সেই সময়। জানুয়ারি থেকেই শুরু হয় নতুন সেমেস্টার। তখনই সব পড়ুয়াকে অফলাইন ক্লাসের জন্য ডাকা হবে, জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
অবশ্য ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য ভিন্ন ব্যবস্থা। তাঁরা ১৬ তারিখ থেকেই ক্যাম্পাসে গিয়ে ক্লাস করবেন। তাঁদের প্লেসমেন্টের ইন্টারভিউও হবে ক্যাম্পাসেই, অফলাইনে। বিটেক ও এমটেক মিলিয়ে চূড়ান্ত বর্ষে রয়েছেন মোট ১৪২ জন পড়ুয়া। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকা হবে জানুয়ারি মাস থেকে, নতুন সেমেস্টার শুরু হলে অফলাইনে ক্লাস করবেন তাঁরা। প্রথম বর্ষের পড়ুয়াদের ক্লাস কবে থেকে কীভাবে হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাড়ি বসে ক্লাস করতে হাজারো সমস্যার মুখোমুখি হতে হয়, চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা যাতে আর কোনও সমস্যায় না পড়েন, তাই তাঁদের তড়িঘড়ি ক্যাম্পাসে ডাকা হচ্ছে। কিন্তু সূত্রের খবর, অন্যান্য বর্ষের পড়ুয়াদের মধ্যে অনেকেই নভেম্বর মাস থেকে অফলাইন ক্লাসে আপত্তি জানিয়েছেন। কারণ তাঁদের সেমস্টারের বেশিরভাগ ক্লাস অনলাইনে হুয়ে গিয়েছে। আর ক'দিন বাদেই হবে পরীক্ষা। তাই এই কয়েকদিনের জন্য নতুন করে ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে নারাজ পড়ুয়ারা। সব ভেবেচিন্তে তাই সকলের জন্য আগামী সেমস্টার থেকে জানুয়ারিতেই অফলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ।