
শেষ আপডেট: 23 February 2023 13:09
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ছাত্র সংসদগুলির ভোট (Student Union Election) কবে হবে সে ব্যাপারে বৃহস্পতিবার মৌখিক একটা আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাম্পাসে ভোটের দাবিতে বিধানসভা অভিযান ডাকল বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)।
সিপিএমের ছাত্র সংগঠনটির বক্তব্য, এর আগেও শিক্ষামন্ত্রী এমন মৌখিক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কিচ্ছু হয়নি। তাই তাঁর মুখের কথা বিশ্বাসযোগ্য নয়। এসএফআইয়ের দাবি, অবিলম্বে ছাত্র সংসদ ভোটের বিষয়ে সরকারকে নির্দেশিকা জারি করতে হবে।
এদিন ব্রাত্য বলেছিলেন, পঞ্চায়েত ভোটের পর ছাত্র সংসদগুলির ভোট হবে। সেইসঙ্গে এও বলেছিলেন, একই দিনে হয়তো সব জায়গায় ভোট হবে না। একদিন উত্তরবঙ্গ, একদিন দক্ষিণবঙ্গ এইভাবে ভেঙে ভেঙে নির্বাচন করানো হবে।
এসএফআইয়ের বক্তব্য, আলাদা আলাদা দিনে ভোট করানো আসলে সমাজবিরোধীদের ব্যবহার করার কৌশল। তাই একদিনে সব ক্যাম্পাসে ভোটের দাবি জানিয়েছেন সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমানরা।
বাম ছাত্র সংগঠনটির এও বক্তব্য, মোদী সরকারের জাতীয় শিক্ষা নীতি এ রাজ্যেও কৌশলে বলবৎ করার চেষ্টা চলছে। এই বিধানসভা অভিযান কর্মসূচিতে সেটিও ইস্যু বলে জানিয়েছে এসএফআই।
এখন কৌতূহল হল এই কর্মসূচির নকশা কেমন হবে? গত ২০ সেপ্টেম্বর দেখা গিয়েছিল পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও ধর্মতলা অবরুদ্ধ করে সভা করেছিল বাম ছাত্র-যুবরা। ১০ তারিখ কী পরিস্থিতি হয় এখন সেটাই দেখার।
ছাত্র সংসদের দাবিতে উত্তাল ক্যাম্পাস, ভোট কবে, মুখ খুললেন ব্রাত্য