দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় বুলবুল তছনছ করে দিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, চাষের জমি ছারখার করেছে। সেই ক্ষতে প্রলেপ পড়ছে ধীরে ধীরে। ছন্দে ফিরছে ম্যানগ্রোভ অরণ্য। তার মধ্যেই খুশির খবর এল পর্যটকদের কাছে। বাঘ দেখা গেছে! এ মরসুমে এটাই প্রথম। ঝড়ের সময় কার্যত বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছিল জঙ্গলের গভীরে। আবহাওয়া অনুকূল হওয়াতে হেলেদুলে বাইরে এল একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার।
সুন্দরবনের দোবাকি জঙ্গলের কাছে বাঘটিকে দেখে উৎফুল্ল বন দফতর। হইচই পড়ে গেছে পর্যটকদের মধ্যে। বস্তুত, সোমবার থেকেই জঙ্গলে ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে পর্যটকদের। আর আজই দেখা গেল বাঘ। জঙ্গলের সীমানার কাছে সরু নালায় স্নান সেরে সে রীতিমতো হেলেদুলে পোজ দিয়ে পর্যটকদের মন ভরিয়েছে। তারপর ঢুকে গেছে জঙ্গলে তার নিজের আস্তানায়।
https://www.facebook.com/TheWallNews/videos/965723193813152/
বুলবুলের প্রভাবে সুন্দরবনের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। মাটির কাঁচা বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে। ঘর হারিয়েছেন বহু মানুষ। চাষের জমি জলে ভেসেছে। প্রাকৃতিক বিপর্যয়ের পরে শিকেয় উঠেছে পড়াশোনা। সরকারি ত্রাণের আশায় পঞ্চায়েত-বিডিও অফিসের সামনে ভিড় জমিয়েছেন তফসিলি জাতি-উপজাতি অধ্যুষিত হিঙ্গলগঞ্জের অসংখ্য কাজ হারানো মানুষ। ২০০৯ সালের আয়লার স্মৃতি ফের উস্কে দিয়েছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল।
সুন্দরবনের স্থানীয় বাসিন্দাদের কথায়, পর্যটকদের আনাগোনা শুরু হলে কিছুটা লাভের মুখ দেখা যায়। আর মরসুমের প্রথম বাঘ দেখা গিয়েছে খবর পেলে দলে দলে পর্যটক ভিড় জমাবেন এখানে।