
শেষ আপডেট: 23 February 2023 13:33
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: প্রায় চল্লিশ লাখ টাকা হাতিয়ে ডাকাতির গল্প ফেঁদেছিল এক ব্যক্তি। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে গেল অভিযুক্ত (Police arrested)।
বেলুড় থানা এলাকায় ৭৭ নম্বর গিরিশ ঘোষ রোডে অফিস লোহার ব্যবসায়ী (iron trader) সঞ্জয় ভুমনার। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ তিনি বেলুড় থানায় এসে জানান, কয়েকজন দুষ্কৃতী তাঁর অফিসে ঢুকে অস্ত্র দেখিয়ে প্রায় চল্লিশ লাখ টাকা লুঠ করে নিয়ে গেছে। তিনি সেই সময় অফিসে ছিলেন না। ফেরার পর তাঁর কর্মচারীরাই এই দুঃসংবাদ দিয়েছেন তাঁকে।
অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। ডিসিপি (নর্থ) অনুপম সিংয়ের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে যায়। সেখানে কর্মচারীদের সঙ্গে কথা বলেন। একজনের কথায় অসঙ্গতি লক্ষ্য করেন তাঁরা। তাকে জেরা করেই অপরাধের পর্দাফাঁস হয়। অনুপম সিং বলেন, “অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই আমাদের সন্দেহ হয়। কর্মচারীদের সঙ্গে কথা বলি আমরা। একজনের কথায় নানা অসঙ্গতি ধরা পড়ে। তাকে জেরায় করতেই আসল ঘটনা সামনে আসে। টাকা হাতাতেই সে ডাকাতির ছক কষেছিল।”
অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৪০ লক্ষ টাকাও। এই ঘটনায় অন্য কর্মচারীদের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ছাত্র ভোটের দাবিতে বিধানসভা অভিযান ডাকল এসএফআই, 'ব্রাত্যর মুখের কথা বিশ্বাসযোগ্য নয়'