
শেষ আপডেট: 20 September 2023 15:33
দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতিরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায় (Panchayat Pradhan shot in North Dinajpur.)। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে বাইকে করে যাচ্ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। তখনই পিছন থেকে একটি কালো চারচাকার গাড়ি এগিয়ে আসে। কালো চারচাকার গাড়িটি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
আততায়ীদের গুলির জেরে মাটিতে লুটিয়ে পড়েন প্রধান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ এসে আহত প্রধানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিহারের কিষাণগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গুলির আওয়াজে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঠিক কী কারণে, কে বা কারা ওই প্রধানকে লক্ষ্য করে গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যে একটি কালোরঙের গাড়িকে ট্রেস করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: সিউড়িতে শুভেন্দুর সভায় হঠাৎ 'মমতাদি জিন্দাবাদ' স্লোগান! ‘লক্ষ্মীর ভাণ্ডারের সুফল’ দাবি তৃণমূলের