
শেষ আপডেট: 11 July 2023 05:10
দ্য ওয়াল ব্যুরো: ভোট গণনার সকালেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা জেলা থেকে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের (Panchayat Election 2023 Result ) বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের সশন্ত্র পুলিশও পাহারায় আছে। তা সত্ত্বেও কয়েকটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল অশান্তি শুরু হয়েছে। বোমাবাজি, সংঘর্ষের খবরও আসছে নানা জেলা থেকে।
ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনায় সিপিএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী নিখোঁজ। গণনাকেন্দ্রের সামনে থেকেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
পঞ্চায়েত ভোট গণনা শুরু হল জেলায় জেলায়, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্র
সকালে গণনা শুরুর পর থেকেই অগ্নিগর্ভ ডায়মন্ড হারবার। দফায় দফায় বোমাবাজি চলছে। ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
ভোটের দিনও সন্ত্রাসের ছবি দেখেছে ভাঙর। গণনার দিনেও তার ব্যতিক্রম হল না। ঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্ধার হল বোমা। শৌচাগারের ছাদের উপর থেকে বোমা উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ। কারা বোমা রেখে গেছে, তার খোঁজ চলছে।
গণনা শুরুর আগে বারাবনিতে তুমুল উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। বারাবনির দোমহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলের বাইরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ বাহিনী।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। অভিযোগ বিরোধী প্রার্থীদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বাগনানে গণনাকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ চলছে বলে খবর। রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ বিরোধী এজেন্টদের ৷ আমতা ২ ব্লকেও বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে ৷
ভোট গণনা শুরুর আগে থেকেই জাঙ্গিপাড়ায় অশান্তি চলছে। ডিএনআই হাইস্কুলের গণনাকেন্দ্রে সিপিএম ও আইএসএফের কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে গণনাকেন্দ্রের বাইরে গাড়ি ভাঙচুর করা হয়েছে। জানা গেছে, কয়েকজন সিপিএম কর্মী আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে এসে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ ও শাসক দল সব অভিযোগ অস্বীকার করেছে।