
শেষ আপডেট: 20 July 2023 03:58
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায়ের বদলে নতুন উপাচার্য হিসাবে যোগদান করলেন প্রফেসর, ডক্টর রথীন বন্দ্যোপাধ্যায়। তার পরেই প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর (Omprakash Mishra) বিরুদ্ধে তদন্তের তোড়জোড় শুরু করলেন তিনি। ইতিমধ্যে তদন্ত সংক্রান্ত বিষয়ে ওমপ্রকাশকে ইমেল করছেন নতুন এই উপাচার্য। পাল্টা জবাবও দিয়েছেন ওমপ্রকাশ।
গত দু’মাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন সঞ্চারী মুখোপাধ্যায়। এবার অস্থায়ী উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর জায়গায় রথীন বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব দেন আচার্য সি ভি আনন্দ বোস।
কী নিয়ে তদন্ত করতে শুরু করেছেন রথীন?
ওমপ্রকাশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সি ভি আনন্দ বোস নিজে। সেই সময়েই জমি সংক্রান্ত সমস্যায় নাম জড়িয়েছিল ওমপ্রকাশের। এর পরে ওমপ্রকাশের ভিসি থাকার মেয়াদ উত্তীর্ণ হলেও তা আর বাড়াননি রাজ্যপাল তথা আচার্য। এর মধ্যে ফের জমি সংক্রান্ত আরও একটি ইস্যুতে নাম জড়ায় ওমপ্রকাশের।
এর পরে, দিনকয়েক আগেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে যোগ দিয়ে আচার্য সি ভি আনন্দ বোস ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। আচার্যের সেই নির্দেশ মেনেই বুধবার নতুন অস্থায়ী উপাচার্য তদন্তের দুর্নীতির জন্য ওমপ্রকাশকে ইমেল পাঠান।
পাশাপাশি, দায়িত্বভার হাতে নিয়েই রথীন বন্দ্যোপাধ্যায় জানান, তদন্তের কাজ এগোচ্ছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কাজ করব।' তবে এর কিছু পরেই রথীনকে পাল্টা ইমেল করেন ওমপ্রকাশ। তিনি জানান, এই মামলায় আচার্যের তদন্ত করার কোনও এক্তিয়ারই নেই।
উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই রথীন-ওমপ্রকাশের এই দ্বন্দ্ব নতুন করে বিতর্ক উস্কে দিল বলেই মনে করছেন অনেকে।
শুভেন্দুকে কি এবার রাজ্য সভাপতি করবেন মোদী-শাহ, বিজেপিতে সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন