
শেষ আপডেট: 5 August 2020 16:17
সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। মঙ্গলবার এবং বুধবার সারাদিনই চলেছে বৃষ্টি। আর তার জেরে আরও প্রকট হয়েছে রাস্তার বেহাল দশা। এই নিয়েই টুইট করেছেন লিলুয়ার ক্ষুব্ধ বাসিন্দা ইমন চক্রবর্তী। বঙ্গের এই তারকা গায়িকা লিলুয়ার আদি বাসিন্দা। বছরের পর বছর ধরে ভাঙা রাস্তা আর বৃষ্টির জল জমার সমস্যায় জেরবার হন তিনি। তবে এই বর্ষায় সমস্যা মারাত্মক ভাবে বেড়েছে। ইমন জানিয়েছেন, একপ্রকার বাধ্য হয়েই এলাকা ছেড়ে কলকাতার ফ্ল্যাটে থাকছেন তিনি। নইলে কাজের প্রয়োজনে কলকাতায় যাতায়াত করা যুদ্ধের সমান হয়ে দাঁড়িয়েছে।
ইমনের কথায়, "আমার বাড়ির সামনের রাস্তায় যা অবস্থা ভয়ে বাবাকে বেরোতে দিতে পারি না, যদি পড়ে গিয়ে অঘটন ঘটে! এ ছাড়াও বাড়ির ঠিক সামনেই একটা খালি জমি রয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় সেখানে ঘন জঙ্গল রয়েছে। বৃষ্টি হলেই জলকাদা জমে একাকার হয়ে। দুর্গন্ধে বাড়ির জানলা খোলা যায় না। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ। শুধু তাই নয়, ভাঙা রাস্তায় জল জমার ফলে স্কুটি-সাইকেল-টোটো উল্টে যাওয়া, পড়ে গিয়ে কারও হাত-পা ভাঙা এসব তো লেগেই রয়েছে।"
ইমন জানিয়েছেন, এসব নিয়ে বহুবার অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু কারও কোনও উদ্যোগ নেই। প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তাদের কেউ বলছেন এটা পঞ্চায়েতের কাজ। কেউ মিউনিসিপালিটির ঘাড়ে ঠেলে দায় এড়াচ্ছেন। ইমন বলেছেন, "গত বছর বৃষ্টি মাথায় করে এলাকার লোকজনকে নিয়ে এই সমস্যার কারণে মিছিল পর্যন্ত করেছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। লিলুয়ার এই অংশটার দিকে যেন কারও কোনও খেয়ালই নেই।"
এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যায় কারও কোনও হেলদোল না দেখে এ বার তাই মাননীয়া মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেই টুইট করেছেন ইমন। ছবিতে তুলে ধরেছেন বেহাল রাস্তা আর এলাকাবাসীর সমস্যার কথা। সাহায্য চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। টুইট করে ইমন লিখেছেন, "পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি লিলুয়ার রাস্তাঘাটের এই ভয়াবহ পরিস্থিতির উপর তাঁরা যেন একটু নজর দেন এবং দ্রুত কোনও ব্যবস্থা নেন।"