দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন টানাপোড়ন ও রাজনৈতিক তরজার পরে মঙ্গলবার চালু হয়ে গেল কুলটির জল প্রকল্প। উদ্বোধন করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। উদ্বোধনের ফাঁকে এলাকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেছেন তিনি।
সুইচ টিপে জলপ্রকল্প উদ্বোধন করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জলপ্রকল্প উদ্বোধন করেছেন। এরই মধ্যে প্রায় পাঁচ হাজার বাড়িতে জলের পাইপ পৌঁছে গেছে।”
করোনাভাইরাসের জন্য লকডাউন শুরু হওয়ায় কাজও বন্ধ হয়ে যায়। লকডাউন থেকে আনলক পর্যায় শুরু হতে মঙ্গলবার আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি সুইচ টিপে কুলটি জলপ্রকল্প চালু করেন। মেয়র বলেন, “লকডাউনের আগে পাঁচ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়ে গিয়েছিল। আজ (মঙ্গলবার) থেকে জল সরবরাহ শুরু হয়েছে। বাকি সাতাশ হাজার বাড়িতে কাল (বুধবার) থেকে নতুন সংযোগ দেওয়া শুরু হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে কাল থেকে কাজ চালু হবে।”
এদিন বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে ছাড়েননি জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে আসার জন্য তাঁকে আহ্বানও জানান সংবাদমাধ্যমের মাধ্যমে। বেশ কিছুদিন ধরে এই প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তরজা চলেছে। ভোটে জেতার পরে সাংসদ এলাকায় কোনও কাজ করছেন না বলেও কটাক্ষ করেন।
এদিন অমিত শাহের সভা নিয়ে ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি কলকাতায় ছিলেন তবে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এব্যাপারে প্রতিক্রিয়া জানা যায়নি।