দ্য ওয়াল ব্যুরো: নাগেরবাজার বিস্ফোরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। নিহত আট বছরের বিভাস ঘোষের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাজ্যপাল। আরোগ্য কামনা করেন ওই ঘটনায় আহতদেরও। মঙ্গল বিস্ফোরণের ঘটনা ঘটে দক্ষিণ দমদম পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে। তুলনা শুরু হয়ে যায় খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গেও। পাল্লা দিয়ে বাড়ে রাজনৈতিক চাপান উতোরও। ওই ঘটনাতেই এ বার প্রেস বিজ্ঞপ্তি জারি করে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
এ দিন রাজ্যপাল সাধারণ নাগরিকদের সতর্ক করেন। তাঁদের নিরাপত্তার ব্যাপারেও তিনি যে উদবিগ্ন তা বুঝিয়ে দেওয়া হয় রাজভবনের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে। তদন্তকারী সংস্থার উদ্দেশে রাজ্যপালের বার্তা, কেন এই বিস্ফোরণ, তারা যেন সমস্ত দিক খতিয়ে দেখে।
কলকাতা মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ড নিয়েও কেশরীনাথ ত্রিপাঠীর উদ্বেগের কথা জানানো হয় রাজভবনের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে। ধারাবাহিক অগ্নিকাণ্ড, ব্রিজ ভেঙে পড়া নিয়ে উচ্চ-পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন রাজ্যপাল।
প্রসঙ্গত মাঝেরহাট সেতু ভেঙে পড়ার দিন বিকেলেই ঘটনাস্থলে চলে গেছিলেন রাজ্যপাল। সেই সময় মুখ্যমন্ত্রী কলকাতায় ছিলেন না। জিটিএ-এর অনুষ্ঠানের জন্য পাহাড়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফাঁসিদেওয়া, কাকদ্বীপেও ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা ঘটে বাগরি মার্কেটেও। সাম্প্রতিক সমস্ত ঘটনা নিয়েই এ দিন উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল।