দ্য ওয়াল ব্যুরো: দরিদ্রের সেবায় এবার ত্রাণ নিয়ে এগিয়ে এলেন পূর্ব বর্ধমান জেলার গলসির স্টেশন এলাকার পাঁচ জন ছাত্র। নিজেদের টিফিন খরচের টাকা বাঁচিয়ে বৃহস্পতিবার তাঁরা ত্রাণ সামগ্রী বিলি করেন। নিজেদের জমানো টাকায় তাঁরা চাল, আলু ও মুড়ি কিনে গলসি স্টেশন সংলগ্ন বেশ কয়েক জন দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের হাতে সেগুলি তুলে দেন।
দিন আনা দিন খাওয়া মানুষজনের রোজগার বন্ধ হয়ে রয়েছে দেশজোড়া লকডাউনের জন্য। এতদিন কাজ বন্ধ থাকায় জমানো সব কিছু এক রকম শেষ হয়ে গেছে। তার জেরেই টান পড়েছে ভাতের হাঁড়িতে। ঘরবন্দি মানুষজনের কষ্ট অনুভব করে সুমিত মণ্ডল, বিকাশ মুর্মু, শেখ রাজা, বাপ্পা দে ও সুব্রত বাগদি এগিয়ে আসেন খাদ্যসামগ্রী নিয়ে। এই পাঁচ জন ছাত্র এদিন সত্তর জন মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
তারা অন্য কারও কাছ থেকে সাহায্য না নিয়ে নিজেদের হাত খরচ ও টিফিন খরচের বাঁচানো টাকা দিয়ে তাঁরা কেনেন চাল, আলু ও মুড়ি। তারপরে নিজেরাই ভ্যান চালিয়ে গলসি স্টেশন, স্টেশন সংলগ্ন ক্যানাল বাঁধ ও তার পাশের পাড়ায় দুঃস্থ, দরিদ্র ও প্রতিবন্ধীদের হাতে ওই ত্রাণের জিনিস তুলে দেয়। ছাত্রদের কোনও উপার্জন না থাকা সত্ত্বেও তাদের এমন উদ্যোগ দেখে আপ্লুত এলাকার মানুষজন।
সুমিত মণ্ডল ও বিকাশ মুর্মু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রির ছাত্র। শেখ রাজা গলসি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র। বাপ্পা দে ও সুব্রত বাগদি বনসুজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এঁরা প্রত্যেকেই দু'হাজার টাকা করে মোট দশ হাজার টাকা দিয়ে ত্রাণসামগ্রী কিনেছেন।