নেতাজি সুভাষের সঙ্গে শুভেন্দুর ছবি, মন্ত্রীর ধমক খেয়ে রাতারাতি পাল্টে ফেলা হল ব্যানার
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী উদযাপন নিয়ে একটা বিতর্কে জড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় একটি ব্যানারের ছবি ঘুরছিল। সেই ছবির সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করতে পারেনি। কিন্তু দেখা গিয়েছিল, ব্যানারে লেখা বিবেকা
শেষ আপডেট: 21 January 2020 02:45
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী উদযাপন নিয়ে একটা বিতর্কে জড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় একটি ব্যানারের ছবি ঘুরছিল। সেই ছবির সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করতে পারেনি। কিন্তু দেখা গিয়েছিল, ব্যানারে লেখা বিবেকানন্দর জন্ম জয়ন্তী উদযাপন, কিন্তু নীচে তৃণমূলের এক নেতার ছবি!
কতটা তেমনই হয়েছিল মেদিনীপুরে। জাতীয় সড়কের এ মাথা ও মাথা জুড়ে বাঁশের গেট বানিয়ে ফ্লেক্স লাগানো হয়েছে। তাতে লেখা নিমতৌড়ি স্মৃতি সৌধস্থলে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করা হবে। এবং সেই ফ্লেক্সে নেতাজির ছবি যেমন ছিল, তেমনই ছিল পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। কারণ, প্রস্তাবিত অনুষ্ঠানের উদ্বোধক তিনি। শুধু তা নয়, মাথার উপরে ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তমলুক ও কাঁথির সাংসদ যথাক্রমে দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারীর ছবিও ছিল। সেই সঙ্গে লেখা ছিল, অনুষ্ঠানের আয়োজক হল তৃণমূলের সমবায় সংগঠন।

কিন্তু সোমবার কাঁথি থেকে কলকাতায় আসার পথে দুপুরে এহেন গেটের ছবি দেখে তেলেবেগুণে চটে যান পরিবহণ ও সেচ মন্ত্রী। আয়োজকদের তক্ষুণি ফোনে ধরতে বলেন। সেই সঙ্গে ধমক দিয়ে বলেন, রাজনীতি করতে গিয়ে কি ণত্বষত্ব হারিয়ে ফেলেছেন! নেতাজির ছবির সঙ্গে তাঁর ছবি যাঁরা লাগিয়েছেন তাঁরা আসলে মন্ত্রীকে খুশি করতে গিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীর অপমান করেছেন। মেদিনীপুর জেলার দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। এই অপমান কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে ওই পোস্টার ব্যানার সরিয়ে ফেলে শুধু নেতাজির ছবি দিয়ে ব্যানার লাগাতে হবে।

পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে শুভেন্দুর প্রভাব বর্তমানে অবিসংবাদিত। তিনি একবার এ ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর যা হওয়ার ছিল তাই হয়েছে। রাত দশটার মধ্যেই সমস্ত ব্যানার সরিয়ে নতুন করে শুধু নেতাজির ছবি দিয়ে গেট বানানো হয়েছে। উদ্বোধক হিসাবে শুভেন্দু অধিকারীর নামটুকু শুধু সেখানে লেখা রয়েছে। কোনও ছবি নেই।