দ্য ওয়াল ব্যুরো: ভোটে হারলেও লড়াইয়ের স্বীকৃতি দিল দল। রাজ্য বিজেপি-র নেতৃত্বে এলেন ভারতী ঘোষ এবং মাফুজা খাতুন। মঙ্গলবার বিজেপি-র তরফে জানানো হয়েছে, দলের রাজ্য সহ সভাপতি পদে নিয়ে আসা হল ভারতী এবং মাফুজাকে।
পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার লোকসভা ভোটের কয়েক মাস আগেই যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। ঘাটালে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করে বিজেপি। ঘাটালে হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছিলেন প্রাক্তন এই আইপিএস। ভোটের দিন কেশপুরে দফায় দফায় বাধা পেয়েও হাল ছাড়েননি। এ হেন ভারতীকে বসানো হল দিলীপ ঘোষের ডেপুটি পদে।
একই ভাবে প্রাক্তন সিপিএম বিধায়ক মাফুজা খাতুনকে বিজেপি এ বার প্রার্থী করেছিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায় এবং তৃণমূলের খলিলুর রহমানের বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না। কিন্তু অরাজি হননি মাফুজা। দলের নির্দেশ মেনেই লড়েছিলেন। তাঁকেও রাজ্য সহসভাপতি করল বিজেপি। অর্থাৎ নতুন দুই ডেপুটি পেলেন দিলীপবাবু।
ভোটের পর এক বার শোনা গিয়েছিল ভারতী ঘোষকে রাজ্য বিজেপি-র মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তার কারণ। মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় এখন সাংসদ। তাঁকে অনেকটা সময় দিল্লিতে থাকতে হবে। তাই অনেকেই প্রশ্ন তুলেছিলে, লকেট এখন রাজ্যের জেলায় জেলায় ঘুরে সংগঠন দেখবেন কী করে। কিন্তু তা হল না। শাখা সংগঠন নয়, মূল দলের নেতৃত্বেই আনা হল ভারতী এবং মাফুজাকে।