দ্য ওয়াল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, এ রাজ্যে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়িত হতে দেবেন না। বিধানসভায় প্রস্তাবও পাশ করেছে সরকার। কিন্তু রবিবার মমতার উদ্দেশে পাল্টা হুঁশিয়ারি দিয়ে শহিদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিলেন, “যত জোর আছে লাগান মমতা দিদি। নাগরিকত্ব আমরা দিয়েই ছাড়ব।” একইসঙ্গে বাংলার সংখ্যালঘুদের উদ্দেশে শাহ বলেন, “এ রাজ্যের মুসলিমদের কোনও ভয় নেই। কারও নাগরিকত্ব যাবে না। এটা নাগরিকত্ব কাড়ার নয়, দেওয়ার আইন।”
এরপরই সিএএ নিয়ে মমতার বিরুদ্ধে সুর চড়ান শাহ। বলেন, “মতুয়ারা নাগরিকত্ব পাক আপনি চান না? গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, পঞ্চানন বর্মারা যে লড়াই করেছেন, আমরা তাঁদের সম্মান দিতে চাই। আপনি আটকাচ্ছেন কেন?”
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশের মতো বাংলাতেও তীব্র আন্দোলন চলছে। পর্যবেক্ষকদের মতে, এই আইন নিয়ে বাংলার শাসকদল শুরু থেকেই সাধারণ মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরির কৌশল নিয়েছে। ফলে অনেক মানুষই নিজেদের কাগজপত্র পেতে এ অফিস, সে অফিস দৌড়চ্ছেন। তাঁদের বক্তব্য সেকারণেই রাজ্য বিজেপি অমিত শাহকে এনে রাজ্যের সংখ্যালঘু ও গ্রামীণ মানুষের কাছে বার্তা দিতে চাইল, মমতা সরকার যা বলছে বা বিরোধীরা যে কথা প্রচার করছেন, ব্যাপারটা আদৌ তা নয়।
এদিন অমিত শাহ আরও বলেন, “আপনাদের কাউকে এখানে সেখানে দৌড়তে হবে না। কোনও ভারতীয়কে দেশ ছাড়তে হবে না। আর যে হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিষ্টান, পার্সিরা ধর্মীয় কারণে উৎখাত হয়ে ভারতে এসেছেন, তাঁদের আমরা নাগরিকত্ব দেব।” কার্যত চ্যালেঞ্জের সুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা নাগরিকত্ব দেবই। পারলে তৃণমূল রুখে দেখাক।”
বারবার করে নিজের বক্তৃতায় মতুয়াদের প্রসঙ্গ টেনে আনেন শাহ। ২০০৯ সালের লোকসভা থেকে বাংলায় যতগুলি ভোট হয়েছে, দেখা গিয়েছে মতুয়া ভোটের একচ্ছত্র আধিপত্য তৃণমূলের। কিন্তু ১৯-এর লোকসভায় তা ধাক্কা খায়। নদিয়ার রাণাঘাট থেকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ—যে কেন্দ্রে মতুয়া ভোটই নির্নায়ক শক্তি সেখানে জিতেছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের হাতছাড়া হওয়া মতুয়া ভোট বিজেপি ধরে রাখতেই এদিন শাহ বারবার সেই প্রসঙ্গ টেনে আনেন।
এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। যদিও সভা শেষের পর আধঘণ্টা-চল্লিশ মিনিট সময় কেটে গেলেও সরকারি ভাবে তৃণমূল সাংবাদিক বৈঠক করে কোনও প্রতিক্রিয়া দেয়নি। প্রতিক্রিয়া দিলে এই প্রতিবেদনে তা আপডেট করা হবে।