দ্য ওয়াল ব্যুরো : এর আগে ভারতের লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতিরা বহু চমক দেখিয়েছেন গ্র্যান্ডস্লাম ডাবলসে। একটা সময় দুইজনে মিলে খেলে বহু নজির সৃষ্টি করেছিলেন। এবার সেই দায়িত্বটা পালন করার সময় এসেছে রোহন বোপান্না ও সুমিত নাগালদের। কয়েকদিন আগেই চলতি আসরে ইউ এস ওপেনের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে গিয়েছিলেন সুমিত। তারপরে আর এগতে পারেননি। কিন্তু এবার ডাবলসে ভারতের মান মর্যাদা রাখতে এগোচ্ছেন রোহন বোপান্না। তিনি কানাডার টেনিস তারকা ডেনিস শাপোভালোভের সঙ্গে জুটি বেঁধে দুই মার্কিনী টেনিস জুটিকে হারিয়েছেন ৬-২, ৬-৪-এ। রোহনদের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার আর্নেস্তো এস্কোবেদো ও নোয়া রুবিন। ইন্দো-কানাডিয়ান জুটি পৌঁছলেন দ্বিতীয় রাউন্ডে।
অপরদিকে, পুরুষদের সিঙ্গলসে দুরন্ত ছন্দে এগিয়ে যাচ্ছেন টুর্নামেন্টের হট ফেভারিট নোভাক জকোভিচ। তৃতীয় রাউন্ডে জার্মানির জ্যাঁ-লেনার্ড স্ট্রাফকে ৬-৩, ৬-৩ এবং ৬-১ সেটে হারালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ। চলতি আসরে জোকার যা ছন্দে বিরাজ করছেন, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে তাঁর হাতে খেতাব উঠতেই পারে। ক্লাস টেনিস খেলে এগিয়েছেন তিনি।
মহিলাদের ম্যাচে ইউক্রেনের মার্তা কোস্টইয়ুককের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে নেয় জাপানের নাওমি ওসাকা। টান টান উত্তেজনার ম্যাচে ২-১ সেটে জেতেন নাওমি। রবিবার এস্তোনিয়ার আনেত কন্তাভেতের বিরুদ্ধে রাউন্ড ১৬ এর ম্যাচে নামছেন টুর্নামেন্টের অন্যতম শীর্ষ বাছাই নাওমি ওসাকা। তিনি চলতি টুর্নামেন্টে একেকদিন একেজনের নামাঙ্কিত মাস্ক পরে খেলছেন। এটিও তার বিশেষ বার্তা বলা যেতে পারে। এবার বিশেষজ্ঞদের ধারণা, খেতাবি লড়াই হতে পারে ওসাকা ও সেরেনা উইলিয়ামসের মধ্যে। যদিও পেত্রোভাও রয়েছেন, তিনিও চ্যাম্পিয়নের দাবিদার।