রাতের বেলা রাস্তায় ঘিরে ধরে পর পর গুলি, ঝাঁঝরা হয়ে গেলেন সাঁইথিয়ার বালি ব্যবসায়ী
দ্য ওয়াল ব্যুরো: দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত তখন ১১টা। মাঝরাস্তায় হঠাৎই জনা চার-পাঁচ লোক রাস্তা আটকে দাঁড়ায়। প্রথমে ধমকধামক, তারপর সটান গুলি চালাতে শুরু করে। বুকে-পিঠে গুলি লেগে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। মৃত্যু ঘটনাস্থলেই। সোমবার রাতে
শেষ আপডেট: 22 February 2022 04:53
দ্য ওয়াল ব্যুরো: দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত তখন ১১টা। মাঝরাস্তায় হঠাৎই জনা চার-পাঁচ লোক রাস্তা আটকে দাঁড়ায়। প্রথমে ধমকধামক, তারপর সটান গুলি চালাতে শুরু করে। বুকে-পিঠে গুলি লেগে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। মৃত্যু ঘটনাস্থলেই। সোমবার রাতে ভয়ঙ্কর ঘটনা বীরভূমের সাঁইথিয়ার মোড়েশ্বর থানা এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অকুস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সাঁইথিয়ার বালি ব্যবসায়ী কমলকান্তি দে। এলাকায় তিনি রাজু নামেই পরিচিত। তাঁর একটি পেট্রল পাম্পও আছে। গতকাল রাতে মোড়েশ্বর থানা এলাকার সারদা মোড়ের কাছে তাঁর ওপর হামলা করে আততায়ীরা।
স্থানীয়রা বলছেন, সারদা মোড়ের কাছে ব্যবসায়ীকে ঘিরে ধরেছিল কয়েকটি ছেলে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। প্রথমে কথা কাটাকাটি হচ্ছিল। তারপর আচমকাই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। ব্যবসায়ী পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। গুলি এসে লাগে তাঁর বুকে-পিঠে। চারটি বুলেট পিঠে বিঁধেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। গুলির আওয়াজ ও আর্তনাদ শুনে এলাকার লোকজন ছুটে এলে আততায়ীরা চম্পট দেয়। রক্তাক্ত ব্যবসায়ীকে সাঁইথিয়ার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের অনুমান ব্যবসায়িক কারণে ঝামেলা জেরেই এই খুন। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ী খুন করেছে রাজুকে। তার সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে সমস্যা চলছিল। কয়েক লক্ষ টাকা লেনদেন দিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে অশান্তি ছিল। এই কারণেই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। ওই ব্যবসায়ীর নামে থানায় অভিযোগ জানিয়েছেন মৃত ব্যবসায়ীর পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের শণাক্ত করা হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'