দ্য ওয়াল ব্যুরো: কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নকল আইএএস অফিসার দেবাঞ্জন দেবকে নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। কারণ ইতিমধ্যে দেবাঞ্জনের সঙ্গে শাসকদলের একাধিক নেতার ছবি প্রকাশ্যে এসেছে। তা নিয়ে যখন সরকারকে তুলোধুনো করছে বিরোধীরা, তখন অভিযোগের তির এবার উল্টোদিকে ঘোরাতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, কসবার টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিনের জন্য যে ইঞ্জেকশন দিয়েছিল তা আদৌ কোভিড ভ্যাকসিন নয়। আমরা খোঁজ নিয়েছি, সেটা একটা অ্যান্টিবায়োটিক। যারা ওই ভ্যাকসিন পেয়েছেন তাঁদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হচ্ছে। শারীরিক অবস্থা বুঝেই সরকার তাদের ভ্যাকসিন দেবে।
এরপরেই কার্যত বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের উদ্দেশে পাল্টা তোপ দেগে তিনি বলেন, গোটা ঘটনাটা যে বিজেপি সাজিয়ে ঘটায়নি, তা কে বলতে পারে?
বিজেপি নেতাদের সঙ্গেও আগামী দিনে দেবাঞ্জন দেবের ছবি পাওয়া যাবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাশাপাশি এই ঘটনায় পুরসভা এবং পুলিশ প্রশাসনের প্রতিও অসন্তোষ প্রকাশ করেছে মমতা। তিনি বলেছেন, কাউকে রেয়াত করা যাবে না।
দেবাঞ্জন দেবের ঘটনা সামনে আসার পর থেকেই আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। একে কোভিড অতিমারী নিয়ে নাজেহাল মানুষ। তায় ভ্যাকসিন নিয়েও জালিয়াতি। সরকারি বা বেসরকারি উদ্যোগে আয়োজিত শিবিরে গিয়ে ভ্যাকসিন নিতেই ভয় পাচ্ছেন মানুষ। তা যে জাল ভ্যাকসিন হবে না তার কী নিশ্চয়তা।
মানুষের এই আতঙ্ক দূর করতে পদক্ষেপ করেছে স্বাস্থ্য ভবন। বলা হয়েছে গোটা রাজ্যে কোথায় কী টিকাকরণ শিবির আয়োজিত হচ্ছে চার সম্পূর্ণ তথ্য আপলোড করা হবে স্বাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে টিকাকরণ শিবিরের নাম দেখে তবেই যেন টিকা নিতে যান মানুষ।
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মজুত ভ্যাকসিনেও টান পড়েছে। কেন্দ্র সরকার বাংলাকে যথেষ্ট ভ্যাকসিন পাঠাচ্ছে না। তুলনায় উত্তরপ্রদেশ গুজরাত অনেক বেশি ভ্যাকসিন পাচ্ছে, দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যে ভ্যাকসিন কম থাকায় আপাতত যারা দ্বিতীয় ডোজ নেবেন, তারাই ভ্যাকসিন পাচ্ছেন বলে খবর।
উত্তরপ্রদেশ বিহার থেকে আজও সাতটি দেহ গঙ্গায় ভেসে এসেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।