
শেষ আপডেট: 4 June 2023 11:09
দ্য ওয়াল ব্যুরো: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর বন্ধ বালেশ্বর লাইনের ট্রেন চলাচল। উদ্ধার কাজ শেষ করে, এখন মেরামতি, বগি সরানোর কাজ শুরু হয়েছে। তাই ওড়িশা থেকে বাংলার ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ওড়িশায় বাংলার যাঁরা আটকে রয়েছেন, তাঁদের নিখরচায় বাড়ি ফেরার ব্যবস্থা করছে নবীন পট্টনায়ক সরকার।
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দফতরের তরফে জানানো হয়েছে, বাংলার বাসিন্দাদের কলকাতায় ফেরানোর জন্য নিখরচায় বাস পরিষেবা চালু করা হচ্ছে। এই পরিষেবা বালেশ্বর রুটের ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে।
শুক্রবার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর এক্সপ্রেসের ইঞ্জিন-কামরা একে ওপরের সঙ্গে জড়িয়ে যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রেনের কামরাগুলি ট্র্যাক থেকে সরিয়ে ফেলে রেল লাইন মেরামতির কাজ শেষ করতে বুধবার পর্যন্ত সময় লেগে যাবে।
সেই কারণেই ওড়িশায় আটকে থাকা বাংলার মানুষদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার। এদিন দুপুরে ওড়িশা সরকারের তরফে টুইট করে জানানো হয়, 'বাহানাগা ট্রেন দুর্ঘটনায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। সেই কারণে কলকাতায় যাওয়ার জন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে এই পরিষেবা পাওয়া যাবে।' আপাতত দিনে ৫০টি করে বাস চালানো হবে। এই পরিষেবার খরচ পুরোটাই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।
মোদী জমানায় লকডাউনে রেল লাইনেই স্রেফ মারা গিয়েছেন ৯ হাজার শ্রমিক, বলছে রেলই