
শেষ আপডেট: 5 September 2023 10:06
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি নয়, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) কলকাতাতেই জেরা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।
কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের। এর আগে একাধিকবার আইনমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি। এমনকী, জুনের ২৬ তারিখেও তাঁকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত ১২ বার হাজিরা এড়িয়ে গেছেন তিনি। তারও আগের সপ্তাহে, ১৯ জুনও তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। সেদিন সকাল থেকেই রাজ্য রাজনীতিতে বিশেষ করে গেরুয়া শিবিরে কৌতূহল ঘনিয়েছিল, যে মলয় ঘটক কি দিল্লিতে হাজিরা দিতে যাচ্ছেন? শেষমেশ যাননি তিনি। তাৎপর্যপূর্ণ হল, মলয় ঘটককে এর আগে যতবারই দিল্লিতে তলব করা হয়েছে তিনি যাননি।
আদালতের নির্দেশ, কোনও মামলায় জেরার প্রয়োজন হলে কলকাতায় গিয়ে আইনমন্ত্রীকে জেরা করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তবে ২৪ ঘণ্টা আগে এবিষয়ে তাঁকে নোটিস দিতে হবে।
এর আগে কয়লা মামলার তদন্ত সূত্রে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। তারা পৌঁছে গিয়েছিল মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতে। এমনকী রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই।
এর পরে ইডি-র ডাকাডাকির বিষয়টি নিয়ে মলয় সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বাংলার আইনমন্ত্রীকে অন্তত ১৫ দিনের সময় দিয়ে ডাকতে হবে। ইডি সূত্রের খবর, দু’টি মেল পাঠানোর পর মলয় নিজেই জানিয়েছিলেন, ১৯ জুন থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে সেই সপ্তাহে তাঁর হাজিরা দিতে কোনও সমস্যা নেই। তারপরই মলয়কে ১৯ জুনই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি। এরপর ২৬ জুনও হাজিরা দেননি তিনি। উল্টে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: রাজ্যপালের কথা শুনলে টাকা বন্ধের হুঁশিয়ারি মমতার, বললেন, 'এবার টিট ফর ট্যাট হবে'