দ্য ওয়াল ব্যুরো : গত ডিসেম্বরে বুলন্দশহরে উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে নিহত হন পুলিশের ইনসপেক্টর সুবোধ কুমার সিং। খুনের অভিযোগে ধরা পড়েছিলেন বজরং দলের স্থানীয় নেতা যোগেশ রাজ। বুধবার এলাহাবাদ হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। গত মাসে ওই মামলায় আরও সাত অভিযুক্ত জামিন পেয়েছেন। জেল থেকে বেরোনর পরে তাঁদের অভ্যর্থনা জানিয়েছে বজরং দল ও আরও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তাঁদের মালা পরানো হয়েছে। অনেক বিজেপি কর্মী অভিযুক্তদের সঙ্গে সেলফি তুলেছেন। সেই অভ্যর্থনার ছবি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশ সরকারের কর্তাব্যক্তিদের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তাঁরা বলেছেন, সামান্য ব্যাপার নিয়ে এত হইচই করবেন না।
গত ৩ ডিসেম্বর বুলন্দশহরের কাছে মাহভ গ্রামে কয়েকটি গরুর মৃতদেহ দেখা যাওয়ার পরে গণ্ডগোল শুরু হয়। প্রায় ৪০০ লোক বিক্ষোভ দেখাতে থাকে। তারা পাথর ছোঁড়ে, কয়েকটি গাড়িতে আগুন লাগায় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেদিন ইনসপেক্টর সিং বাদে এক বিক্ষোভকারীও মারা গিয়েছিলেন।
ওই ঘটনায় মূল অভিযুক্ত বজরং দল ও বিজেপি যুব মোর্চার নেতা যোগেশ রাজ ধরা পড়েন ৩ জানুয়ারি। তার পরে কয়েক মাস ধরে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ তাঁর ছবি সহ রাজ্যের সর্বত্র পোস্টার দেয়। তাতে দেখা যায়, ধৃত নেতা মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন।
গত মার্চ মাসে উত্তরপ্রদেশের এক আদালত নির্দেশ দেয়, বুলন্দশহরে হিংসার ঘটনায় ধৃত ৩৮ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া চলবে না। পরিবর্তে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় চার্জশিট দিতে হবে।