মাধ্যমিকের মার্কশিট বিলির দিন বদল, ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ ও ২৪ জুলাই মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। প্রথমে বলা হয়েছিল ২২ ও ২৩ জুলাই মার্কশিট দেওয়া হবে। কিন্তু ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউন চলবে। তাই ওই দি
শেষ আপডেট: 20 July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ ও ২৪ জুলাই মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। প্রথমে বলা হয়েছিল ২২ ও ২৩ জুলাই মার্কশিট দেওয়া হবে। কিন্তু ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউন চলবে। তাই ওই দিনের বদলে ২৪ তারিখ মার্কশিট বিতরণ করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশের দিনেই রেজাল্ট দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী ২২ ও ২৩ তারিখে রাজ্যে মোট ৫০টি ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দু’দিন সকাল ১০টা থেকে শুরু হবে মার্কশিট বিতরণের কাজ। তবে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া হবে না। স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা। তাঁদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।

পর্ষদ সভাপতির বক্তব্য ছিল, করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ ছিল। তাই ভালভাবে স্যানিটাইজ করার পরেই স্কুল খোলা হবে এবং মার্কশিট বিতরণ করা হবে। কিন্তু গতকাল, সোমবারই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। এই বৃহস্পতিবারই ছিল মার্কশিট বিতরণের দিন। তাই এই সময়টা পিছিয়ে ২৪ জুলাই করা হয়েছে।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, ওই দু’দিন সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের স্কুলে উপস্থিত থাকতে হবে। মার্কশিট বিতরণের কাজ যাতে ভালভাবে হয় সেটা দেখার দায়িত্ব থাকবে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার উপরে। অন্তত ৫০% শিক্ষক বা শিক্ষিকা যেন ওই দু’দিন স্কুলে উপস্থিত থাকতেই হবে। যাঁরা কনটেইনমেন্ট জ়োন থেকে আসবেন তাঁদের জন্য কিছু সুবিধা দেওয়া হবে। স্কুলের প্রতিনিধিদের প্রত্যেককে মাস্ক, গ্লাভস পরতে হবে। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম মেনেই সব কাজ করতে হবে।