
শেষ আপডেট: 11 August 2022 07:18
দ্য ওয়াল ব্যুরো: সারদা মামলায় (Sarada Case) সিবিআইকে (CBI) তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২০১৪ সাল থেকে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবু কেন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের আইনজীবীরা ওয়াকিবহাল নন, তা জানতে চান বিচারপতি।
আদালত সিবিআইয়ের আইনজীবীর কাছে এদিন সারদা মামলায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চায়। সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত করছে সিবিআই। কিন্তু আইনজীবী আদালতের কাছে সময় চান। তাতেই অসন্তুষ্ট হন বিচারপতি। তিনি বলেন, এত বছর ধরে তদন্ত করে কী পাওয়া গেল সেটাও আপনারা বলতে পারছেন না? তার জন্যেও সময় লাগবে?
সারদা মামলার গুরুত্বপূর্ণ ফাইল এবং বহু নথি কাঁথি পুরসভা থেকে লোপাট হয়ে গেছে বলে আগেই অভিযোগ উঠেছে। কাঁথি থানার পুলিশ সেই তদন্ত করছে। সারদার কর্ণধার সুদীপ্ত সেনের চিঠির প্রেক্ষিতে সেই মামলাও সিবিআইয়ের হাতে স্থানান্তরিত করার দাবি উঠেছে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর আইনজীবী এদিন আদালতে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এই মামলার তদন্ত করছে, সুদীপ্ত সেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যিনি এখন জেলে আছেন।
কিন্তু সিবিআইয়ের তদন্তে কাঁথি পুরসভা থেকে তথ্য লোপাটের মামলা অন্তর্ভুক্ত নয়। তার কোনও উল্লেখও নেই তদন্তে। সিবিআই চাইলেই এই চুরির তদন্ত করতে পারত বলে আদালতে জানান সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারা তা করেনি। ফাইল চুরি সংক্রান্ত বিষয় সিবিআইয়ের তদন্তে উল্লেখই করা হয়নি বলে জানান তিনি।
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ অগস্ট। সিবিআইকে সেদিনই প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে হবে আদালতে।