
শেষ আপডেট: 22 August 2023 11:50
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (JU student death) ঘটনায় তিন অভিযুক্তকে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত (police custody of the accused)। এদিন আদালতে সওয়াল করার সময় সরকারি আইনজীবী এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্র মৃত্যুর ঘটনায় কিংপিন হলেন সৌরভ চৌধুরীই!
গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। যা নিয়ে তোলপাড় গোটা ক্যাম্পাস। মৃতের পরিবার, থানায় খুনের অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য।
এই ঘটনার পিছনে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। সূত্রের খবর ছিল, মৃত্যুর আগে ওই পড়ুয়াকে র্যাগিংয়ের করা হয়। মানসিক ও শারীরিক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল তাকে। পুলিশও তদন্তে এই বিষয়টি সম্পর্কে কিছু তথ্য হাতে পেয়েছে।
এই ঘটনায় প্রথমেই সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। তারপর মনোতোষ ঘোষ, দীপশেখর দত্ত সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে সৌরভ, মনোতোষ, দীপশেখরকে পুলিশ হেফাজত শেষে আদালতে তোলা হয়।
শুনানিতে সরকারি আইনজীবী বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, এই ঘটনায় কিংপিন সৌরভই। তাঁকে বাঁচাতে ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছিল। সেই গ্রুপেই আলোচনা চলে।
এদিন আদালতের পুলিশ, ধৃতদের ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ধৃতদের আইনজীবীরা আদালতে জানান, তাঁদের মক্কেলদের পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে। তাঁরা নির্দোষ। তাঁদের জামিন দেওয়া হোক। যদিও বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আগামী ২৫ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
যাদবপুর হস্টেলের দেওয়ালে ‘লাল টুকটুকে স্বপ্ন’ বাঁচানোর ডাক, সঙ্গে ‘বিড়াল থেকে বাঘ’ হওয়ারও পাঠ