
শেষ আপডেট: 10 August 2023 15:27
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ১৬ ঘণ্টা ধরে ঋজু (Ischemic priapism)হয়ে থাকল যুবকের পুরুষাঙ্গ! অস্ত্রোপচারের পর স্বস্তি পেলেন তিনি। জানা গেছে, জলপাইগুড়ির (Jalpaiguri) এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এই জটিল অস্ত্রোপচার করেছেন। এই ঘটনা ঘিরে হইচই পড়ে গেছে চিকিৎসা মহলে।
এই সমস্যার কারণে রোগীর পুরুষাঙ্গ বহুক্ষণ ধরে ঋজু হয়ে থাকতে পারে। সেটা খুবই যন্ত্রণাদায়ক হয় রোগীর পক্ষে। এক্ষেত্রে প্রায় ১৬ ঘণ্টা ধরে ওই যুবকের পুরুষাঙ্গ ঋজু হয়ে থাকায় ওই যুবক চরম যন্ত্রণা মধ্যে দিয়ে গেছেন। বিশেষত পুরুষাঙ্গে কোনও কারণে রক্ত সঞ্চালন ব্যাহত হলে এই সমস্যা হয়। এতে পুরুষাঙ্গে শিরা দিয়ে রক্ত ঠিকমতো চলাচল করতে না পারায় আটকে যায়। ফলে পুরুষাঙ্গের পেশিতে টান ধরে।
জলপাইগুড়ির ওই বেসরকারি হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, এই যুবককে পরীক্ষা করার পর জানা যায় তাঁর প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য ওষুধ খাচ্ছিলেন। এক্ষেত্র ওই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সমস্যার সূত্রপাত হয়। যার ফলে তাঁর পুরুষাঙ্গে ঠিক মতো রক্ত চলাচল হচ্ছিল না। তাই চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন।
ওই চিকিৎসক আরও জানিয়েছেন, ওই যুবক ডায়াবেটিসের রোগী। তার উপর এই সমস্যার কারণে দীর্ঘক্ষণ ধরে তাঁর পুরুষাঙ্গে স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ থাকায় অস্ত্রোপচারে অনেক ঝুঁকি ছিল। চিকিৎসার পর এখন ওই যুবক সুস্থ রয়েছে বলে ডাক্তারবাবুরা জানিয়েছেন।
আরও পড়ুন: করোনায় খাস কলকাতায় রোগীমৃত্যু, ডেঙ্গির সঙ্গেই কি থাবা চওড়া হচ্ছে কোভিডেরও!