
শেষ আপডেট: 29 May 2023 16:17
দ্য ওয়াল ব্যুরো: বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সরগরম রাজ্য রাজনীতি। দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্যের দাবি তুলে আন্দোলন করছেন। সরকারি কর্মচারীদের একাংশ। শেষ রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল, যদিও তাতে খুশি নন কর্মীরা। নিজেদের দাবিতে অনড় তাঁরা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি কর্মচারীদের একাংশের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আয়ুষ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের একাংশের জন্য ৩ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য (DA in West Bengal)।
সূত্রের খবর, আয়ুষ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যাঁরা প্রতিমাসে স্টাইফেন পান, তাঁরাই এই হারে ডিএ পাবেন। যদিও এতদিন আয়ুষের ইন্টার্ন, হাউস স্টাফ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা (interns-house staff-trainees) কোনও ডিএ-র আওতায় ছিলেন না। রাজ্যের অর্থ দফতরের অনুমোদনের পরই ২৬ মে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আয়ুষ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, রাজ্য সরকারের আয়ুষ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত ইন্টার্ন, হাউস স্টাফ এবং প্রথম-দ্বিতীয়-তৃতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা ৩ শতাংশ হারে ডিএ (3 Percent DA) পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ মার্চ থেকেই নতুন হারে ডিএ পাবেন সকলে। স্টাইফেনের সঙ্গেই ডিএ পাবেন রাজ্যের হাজার হাজার ইন্টার্ন, হাউস স্টাফ ও ট্রেনিরা।
সরকারি জমি বেচবে নবান্ন, গাইডলাইন দিয়ে অর্থ দফতরের নির্দেশিকা গেল দফতরগুলিতে