
প্রীতম্বর বর্মন
শেষ আপডেট: 8 May 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: যেখানে অভাব নিত্যদিনের সঙ্গী, সেখানে পড়াশোনা বিলাসিতা। তবে জীবনে লড়াই করার, দমে না যাওয়ার মানসিকতা থাকলে ছক ভেঙে এগিয়ে যাওয়া যায়। এমনটাই করে দেখালেন কালিয়াগঞ্জের প্রীতম্বর বর্মন। তিনি এবার উচ্চমাধ্যমিকে নবম হয়েছেন।
বুধবার প্রকাশিত হয়েছে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিকের ফল। মেধা তালিকায় প্রথম দশের নাম ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। এবার ৫৮ জন রয়েছেন এই তালিকায়। মেধাতালিকায় এতজন পরীক্ষার্থীর মধ্যে তরঙ্গপুর এন কে হাইস্কুলের ছাত্র প্রীতম্বরও একজন।
ছোটেবেলা থেকেই আর্থিক অভাবের মধ্যে বড় হয়েছেন প্রীতম্বর। বাবা পরিযায়ী শ্রমিক। সারা বছর বাইরে বাইরে কাজ করে যতটুকু টাকা সংসারের দেন তাতে ঠিক মতো পেট চলে না প্রীতম্বরদের। পড়াশোনার খরচ জোগাবেন কোথা থেকে! তাই সংসারের বাকি খরচ জোগাতে তাঁর মাকেও দিনমজুরের কাজ করে সামাল দিতে হয়।
কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ভেউর গ্রামে বাড়ি প্রীতম্বরদের। ছেলের এমন সাফল্যে ভাঙাচোরা টালির ছাদের বাড়িতে এখন খুশির হাওয়া বইছে।
মেধা তালিকায় নিজের নাম দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি কালিয়াগঞ্জের প্রীতম্বর বর্মন। তিনি বলেছেন, "আমার পরিশ্রম সার্থক হল। সারা বছর তেমনভাবে পড়াশোনা করিনি। পরীক্ষার আগে গোল্ডেন সময়ে মনোযোগ দিয়ে পড়তাম। সেই সময় ১০ থেকে ১৫ ঘণ্টা পড়েছি।"