দ্য ওয়াল ব্যুরো: হনুমা বিহারীর ব্যাটিং নিয়ে সারা বিশ্ব ক্রিকেট কুর্নিশ জানাচ্ছে। সবাই বলছে, এরকম একটি লড়াইয়ের ইনিংসই সবশেষে রূপকথা তৈরি করে। চার ঘন্টা উইকেটে টিকে থেকে অজিদের বোলিংকে কার্যত হতাশার ছবি এঁকে দিতে পেরেছেন যিনি, তিনিই তো নায়ক। ভারতের এই ম্যাচ ড্র করাটাই নৈতিকভাবে জয়ের বুনোন এঁকে দিয়েছে।
হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে অশ্বিনকে সঙ্গে করে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছেন হনুমা বিহারী, করেছেন ১৬১ বলে মাত্র ২৩ রান। কিন্তু তাঁর এই ব্যাটিং নাকি ক্রিকেটকে খুন করেছে। ভারতের ম্যাচ চলাকালীন টুইটারে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। ওই কারণে তিনি ব্যাপক ট্রোলড হয়েছেন।
নিজের প্রথম টুইটে তিনি লেখেন, ‘‘১০৯ বল খেলে মাত্র ৭ রান! অপ্রিয় হলেও আসল কথা হল হনুমা বিহারী শুধু যে ভারতের জয়ের সম্ভাবনাকে নষ্ট করল তা নয়, ক্রিকেটেরও খুন করল। জিততে পারি, এই মনোভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাও কিন্তু অপরাধ।’’
এরপরই পরের টুইটে বাবুল লেখেন, ‘‘হনুমা মারার বলে অন্তত বাউন্ডারি পাওয়ার মতো শট খেললে ভারত ঐতিহাসিক জয় পেতে পারত। পন্থ যে ক্রিকেটটা খেলল, সেটা হয়তো কেউই আশা করেনি। হনুমা সেট ব্যাটসম্যান ছিল, তাই আমার মনে হয় খারাপ বলগুলোতে ও বাউন্ডারি মারতেই পারত।”
https://twitter.com/SuPriyoBabul/status/1348528232182788096
যদিও প্রথম টুইটেই আবার বিশেষ দ্রষ্টব্য হিসেবে বাবুল এও উল্লেখ করেন, ”আমি ক্রিকেটের কিছুই বুঝি না।” তবে সেকথা বললেও নেটিজেনদের কটাক্ষেরও মুখে পড়তে হয়েছে তাঁকে। একজন তো এমনও লিখেছেন, ”ক্রিকেট সম্পর্কে যখন কিছু জানেন না, তখন মন্তব্য করবেন না।”
আবার অনেকে এও বলেছেন, ‘‘আপনি রাজনীতি ও সঙ্গীত নিয়েই থাকুন না, কেন শুধু ক্রিকেটে নাক গলাচ্ছেন? আপনি কী জানেন হনুমার চোট ছিল, তার পরেও এমন স্থিতধী ইনিংস খেলে তিনি ম্যাচটিকে ড্র করেছেন। আপনি জানেন না যখন, কথা বলবেন না।’’
কেউ লিখেছেন, ‘‘এটা ক্রিকেট, গান নয়। গানে একবার ভুল করলে আবারও রেকর্ডিং করা যায়, এখানে একটা ভুল করলে আপনি প্যাভিলিয়নে ফিরে যাবেন, তাই আপনার এসব ক্ষেত্রে চুপ করে থাকাই ভাল।’’