
শেষ আপডেট: 30 August 2022 15:18
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সরকার থেকে স্কুলে স্কুলে নীল-সাদা পোশাক (school dress) আসছে। কিন্তু তা একেবারেই টেকসই নয়। পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, পোশাক দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা ছিঁড়ে ফালাফালা হয়ে যাচ্ছে। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিভাবকরা। শনিবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
জানা গেছে, শুক্রবার দাসপুর-১ ব্লকের সুরানারায়ণপুর প্রাথমিক স্কুলে গিয়ে তাঁরা ক্ষোভ উগরে দেন। ওই স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ খামরই পোশাক ছিঁড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘পোশাক আমরা নিজেরা তৈরি করি না। আমাদের স্কুলে ব্লক থেকে সরবরাহ করা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
কোন্নগরে জমি বিক্রি নিয়ে গুণ্ডামি করছে তৃণমূল, অভিযোগ বেলুড়ের ডাক্তারবাবুর
এই ঘটনা নিয়ে দাসপুরের বিডিও বিকাশ নস্কর বলেন, ‘ঘটনাটি আমার কানে এসেছে। যাঁরা ওই পোশাক তৈরির দায়িত্বে ছিলেন আমি তাঁদের সঙ্গে কথা বলছি।’
সূত্রের খবর, বুধবার ওই স্কুলের পড়ুয়াদের পোশাক দেওয়া হয়েছিল। সেই পোশাক পরে বৃহস্পতিবার থেকেই পড়ুয়ারা স্কুলে যাওয়া শুরু করেছিল। শিক্ষকরা বলছেন, স্কুলে দৌড়াদৌড়ি করতে গিয়েই একের পর এক পড়ুয়ার পোশাক ছিঁড়ে একেবারে ফালাফালা হয়ে যাচ্ছে। প্রাথমিকের পড়ুয়া হলেও স্কুলের মধ্যে তাদের পোশাক ছিঁড়ে যাওয়ায় সকলেই বেশ অপ্রস্তুতে পড়ে গিয়েছে। অভিভাবকরা বলছেন, নিম্নমানের কাপড় দিয়ে পোশাক বানানোর জন্যই এমন ঘটনা ঘটেছে।