
শেষ আপডেট: 1 September 2023 04:50
দ্য ওয়াল ব্যুরো: আজ ১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু হচ্ছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। এটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে আবেদনপত্র জমা নেওয়া হবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদানের শিবির চলবে ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করা হবে। এছাড়া হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের তালিকাভুক্তিকরণ করা হবে।
এবার থেকে জেনারেল ক্যাটেগরিভুক্ত পুরুষ ও মহিলা সবার জন্য বার্ধক্য ভাতা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার (General categories old age allowance)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) এক সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
৬০ বছর বয়স হয়েছে এমন জেনারেল ক্যাটেগরির বৃদ্ধ-বৃদ্ধারা বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। প্রতিবারের মতোই এবারেও বুথ স্তরে স্থায়ী এবং ভ্রাম্যমান দুই ধরনের শিবিরের আয়োজন করছে সরকার। রাজ্যে জুড়ে ইতিমধ্যেই পূর্বনির্ধারিত এক লক্ষ শিবিরে আবেদনপত্র গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। (General categories old age allowance)
তবে জেনারেল ক্যাটেগরির মধ্যে থাকা কেউ যদি সরকারের অন্য কোনও প্রকল্প থেকে পেনশন পান, তাহলে তাঁদের ক্ষেত্রে এই পেনশন দেওয়া হবে না। যেমন কোনও সরকারি কর্মচারী পেনশন পাচ্ছেন, এমন কেউ এই ভাতা পাবেন না। আবার জেনারেল ক্যাটাগরিতে আছেন, কিন্তু কোনো মহিলা যদি বিধবা ভাতা পান, তাহলে তিনিও বাদ যাবেন। তবে খুব শীঘ্রই এই নিয়ে নবান্ন একটা গাইডলাইন বের করবে বলে খবর।
আরও পড়ুন: 'রেশনের চাল, আটা খাওয়া যায় না', ধূপগুড়ির চা বাগানে ভোটের প্রচারে ক্ষোভের মুখে মন্ত্রী